অন্য এক রাজকুমারী
২০ মে ১৯৭১। ডুমুরিয়ার চুকনগর বাজারে খুলনা ও বরিশালের দক্ষিণ অঞ্চল থেকে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে নদীপথে ভারতে যাওয়ার জন্য। বেশির ভাগ মানুষই দরিদ্র নমঃশূদ্র সম্প্রদায়ের। সকালবেলা দুটি সামরিক ট্রাকে আসে পাকিস্তানি সেনারা এবং চুকনগর বাজারে এসেই সেনাবাহিনীর দলটি নির্বিচারে গুলি চালাতে থাকে সাধারণ মানুষের ওপর। গুলি চলে দু-তিন ঘণ্টা। নিহত হয় সহস্রাধিক মানুষ। সংখ্যায় ও নৃশংসতায় চুকনগরের গণহত্যাই হয়তো একাত্তরে বাংলাদেশে সবচেয়ে বৃহত্তম গণহত্যা। বাজারের পাশে নিজের শস্যখেতে কাজ করছিলেন দরিদ্র কৃষক চিকন আলী মোড়ল। মিলিটারির গাড়ি দেখে হাতের কাঁচি উঁচিয়ে নিজের ক্ষোভ জানাতে মুহূর্তেই গুলি খেয়ে লুটিয়ে পড়েন। সেই সকালে চুকনগরের প্রথম শহীদ ছিলেন চিকন আলী মোড়ল। চুকনগর বাজারে ও ভদ্রা নদীর পাড়ে ব্যাপক গণহত্যার পর পাকিস্তানি সেনারা চুকনগর ছেড়ে চলে গেলে তরুণ এরশাদ আলী মোড়ল হাজারো লাশের ভিড়ে নিজের বাবাকে খুঁজে ফিরতে থাকেন। অদূরে শুনতে পান একটি শিশুর কান্না। দেখেন, মৃত মায়ের দুধ খাওয়ার ব্যর্থ চেষ্টা করছে ছয় মাসের একটি কন্যাশিশু। বাবার মৃত্যুশোক ভুলে পরম স্নেহে কোলে তুলে নেন মেয়েটিকে।ঝুড়ির ব্যবসার বদৌলতে নিঃসন্তান মান্দার দাসের সঙ্গে ভালোই পরিচয় ছিল এরশাদ আলী মোড়লের। এরশাদ আলী মান্দার দাসকে বলেন, ‘তোর তো কোনো ছেলেপুলে নেই। মেয়েটা হিন্দু, ওর মায়ের কপালে সিন্দুর ছিল। তুই ওকে নিয়ে মানুষ কর।’ দরিদ্র মান্দার দাস আর তার বউ মালঞ্চ দাসী পরম যত্নে মেয়েটাকে মানুষ করতে থাকে। আদর করে নাম রাখে রাজকুমারী দাসী। দেখতে সুন্দরী বলে মেয়েটির ডাকনাম রাখা হয় ‘সুন্দরী’।বারো-তেরো বছর বয়সে ডুমুরিয়ার মালতিয়া গ্রামের বিপত্নীক বাটুল দাসের সঙ্গে সুন্দরীর বিয়ে দেওয়া হয়। বয়সের ভারে বাটুল দাস এক সময় সংসার চালাতে অক্ষম হয়ে পড়লে রাজকুমারীকে পরের খেতে কিষান দিয়ে সংসার চালাতে হয়। দুই ছেলে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকে। বৃদ্ধ স্বামী বাটুল দাস এখন মৃত্যুশয্যায়। রাজকুমারীও বিভিন্ন রোগে আক্রান্ত। বিশেষ করে, কিডনির সমস্যায় ভুগছেন। সরকারি কোনো সহায়তা এখন পর্যন্ত পাননি তিনি। কেবল ২০১২ সালে সরকার থেকে এগারো শতক জমি পেয়েছিলেন। তার মধ্যে চার শতক বেদখলে আর সাত শতকে রয়েছে বিশাল এক গর্ত। সেই গর্ত বন্ধ করে ঘর তোলার সামর্থ্য রাজকুমারীর নেই।পরিচালক তানভীর মোকাম্মেল মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জীবনঢুলীর শুটিংয়ের জন্য চুকনগরে গেলে তাঁর সঙ্গে পরিচয় হয় রাজকুমারীর। ছবিটিতে চুকনগর গণহত্যার দৃশ্যে অভিনয়ও করেন রাজকুমারী। ৭ জুলাই জীবনঢুলী চলচ্চিত্রের গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাজকুমারীকে বিশেষ অতিথি হিসেবে ঢাকায় আমন্ত্রণ জানান তানভীর মোকাম্মেল। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের মিলনায়তনে জীবনঢুলীর গানের সিডি উন্মোচন করেন রাজকুমারী। ওখানেই আমার সঙ্গে প্রথম দেখা রাজকুমারী দাসীর। ১৯৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুফল ঢাকার ‘এলিট’ অনেকে নানাভাবে ঘরে তুললেও কিছুই জোটেনি দূর পাড়াগাঁয়ের ভাগ্যহত রাজকুমারী দাসীর কপালে। রাজকুমারীর মুখে ওঁর দুঃখী জীবনের সব কথা শুনে কখন যে চোখ ভিজে গেছে, বুঝতে পারিনি!