অন্য কিশোর

২০০৬ সালের ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন কিশোর। এ পর্যন্ত তাঁর চারটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। একক অ্যালবামের পাশাপাশি মিশ্র অ্যালবামে গান করেছেন কিশোর। এবারই প্রথম কিশোরের সুর ও সংগীতে পূর্ণাঙ্গ একটি মিশ্র অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। নাম ধুলোর গান ।
ধুলোর গান অ্যালবামে গান রয়েছে নয়টি। অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন, ইমরান, সাব্বির, পারভেজ, পুলক, প্রীতম, ব্রিহান, জয় শাহরিয়ার ও কিশোর নিজে।
কিশোর বলেন, ‘গানে এখন নতুন একটা ধারা চলছে। এই অ্যালবামের গানগুলোতে সেই ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। সবাই ভিন্ন একটা স্বাদ পাবেন। সব মিলিয়ে এটুকু বলতে পারি, সবাই অন্য এক কিশোরকে খুঁজে পাবেন।’
কিশোর আরও বলেন, এটি যেহেতু আমার প্রথম মিশ্র গানের অ্যালবাম তাই চেষ্টা করেছি সবদিক থেকে ভিন্নতা আনার। চেষ্টা করেছি মেলো রক ধারারও ভিন্ন কিছু করতে।
ধুলোর গান অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর। আর অ্যালবামটি বাজারে আনছে সিডি চয়েজ। রোজার মাঝামাঝি সময়ে এটি বাজারে আসবে বলেও জানান কিশোর।