অন্য গ্রহে পিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া। ছবি: কবির হোসেন
পিয়া। ছবি: কবির হোসেন

সামারা। একটি গ্রহ। এক ঘটনায় পৃথিবী থেকে পাঁচ বন্ধু চলে যায় ওই গ্রহে। সেখানে একটি শিশুর সঙ্গে তাদের দেখা হয়। অবাক করা ব্যাপার হলো, এই শিশুর নামও সামারা। তাহলে এই শিশুর নামেই গ্রহটির নাম? কে এই শিশু? তাকে ঘিরেই তৈরি হয় গল্প। এভাবেই নিজের নতুন ছবির গল্পের ভাবনার কথা বললেন পিয়া। ছবির নাম দ্য স্টোরি অব সামারা। পরিচালক রিকিয়া মাসুদো।
: আপনি সামারা গ্রহে গিয়েছিলেন?
: না না, আমরা তো স্টুডিওতে অভিনয় করেছি। পরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রহের পরিবেশ তৈরি করা হয়েছে।
: এমন একটি গ্রহে গিয়ে যদি হারিয়ে যান, তাহলে কেমন হবে?
: কী বলেন! ভাবতেই পারছি না! মনে হবে স্বপ্ন দেখছি।
কাল ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দ্য স্টোরি অব সামারা। তার আগে ছবিটির প্রসঙ্গ নিয়ে কথা হলো পিয়ার সঙ্গে।
: চলচ্চিত্রে আপনার শুরু হয়েছিল রেদওয়ান রনির চোরাবালি দিয়ে।
: হ্যাঁ, এরপর কাজ করেছি আশিকুর রহমানের গ্যাংস্টার রিটার্নস ছবিতে। দ্য স্টোরি অব সামারা আমার তৃতীয় ছবি।
: দ্বিতীয় ছবি কোনটি?
: গ্যাংস্টার রিটার্নস। এই ছবিতে আমি অভিনয় করেছি অপূর্বর সঙ্গে। শুনেছি আগামী ৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।
পিয়া জানালেন, ১০ দিন দেশের বাইরে ছিলেন। কম্বোডিয়ায়। ওখানে ‘হলিডে প্ল্যানার’ নামে একটি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। গাজী টিভির জন্য অনুষ্ঠানটি তৈরি করছেন শাহরিয়ার শাকিল।
: কম্বোডিয়ায় কোথায় কোথায় ঘুরলেন?
: বাটামবাং, সিয়ামরিপ আর নমপেনে।
মডেল কিংবা অভিনয়শিল্পী পিয়া যতটা পরিচিত, উপস্থাপক হিসেবে কিন্তু ততটা নয়। জানালেন, বছর ছয়েক আগে আরটিভিতে একটি গানের অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। এরপর ‘হলিডে প্ল্যানার’। আজ সিলেটে গ্রামীণফোনের একটি অনুষ্ঠান উপস্থাপনা করার কথা রয়েছে তাঁর।
গোড়াতে পিয়া ছিলেন র্যাম্প মডেল। মাঝে ব্যস্ত হয়ে পড়েন অভিনয় নিয়ে। দূরে সরে যান র্যাম্প থেকে। দুই বছর পর ২১ আগস্ট আবার র্যাম্পে হেঁটেছেন তিনি। বললেন, এই ফ্যাশন শো নির্দেশনা দিয়েছেন ভারতের অমিত কুমার। একই মঞ্চে হেঁটেছেন বলিউডের তারকা দিয়া মির্জা।
পিয়া নিজেকে মডেল হিসেবে ভাবতেই বেশি পছন্দ করেন। দেশে ও দেশের বাইরে কাজ করছেন। সম্প্রতি ভারতের দিল্লির মাসকাট মডেল ম্যানেজমেন্টের হয়ে কাজ করেছেন তিনি। তাঁর কাজের মধ্যে ছিল ফটোশুট ও মিউজিক ভিডিওর মডেল হওয়া। আগামী সেপ্টেম্বর মাসে তিনি যাচ্ছেন ইতালিতে। সেখানে মিলান শহরে থাকবেন দুই মাস। মডেল এজেন্সি জেএওয়াইয়ের সঙ্গে তাঁর চুক্তি হয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে পিয়া এখন কাজ করছেন দেশের বাইরে। জানালেন, মিলানে তিনি বিজ্ঞাপনচিত্রের শুটিং ও ফটোশুটে অংশ নেবেন।
মডেলিং করে পিয়া জিতেছেন একাধিক উল্লেখযোগ্য পুরস্কার। ২০১৩ সালে ভারতের মুম্বাইয়ে আয়োজিত ‘ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে পিয়ার মাথায় মুকুট পরিয়ে দেন বলিউড তারকা কারিশমা কাপুর। পরের বছর পিয়া অংশ নেন মিসরে ‘টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় তিনি ছিলেন সেরা দশে।
আইন বিষয়ে স্নাতক করেছেন পিয়া। সামনের বছর যাবেন লন্ডনে। জানালেন, সেখানে বার অ্যাট ল করার ইচ্ছে আছে তাঁর। সামনে নিজেকে ব্যারিস্টার হিসেবে দেখতে চান। ইচ্ছে আছে রাজনীতির সঙ্গেও যুক্ত হওয়ার। বললেন, ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ক্ষমতার বিকল্প নেই।
মাঝেমধ্যে নাটকে অভিনয় করেন পিয়া। এখন গাজী টিভিতে যাচ্ছে পিয়ার একটি ধারাবাহিক নাটক। নাম ফাইভ ফিমেল ফ্রেন্ডস। ঈদের জন্য পাঁচটি নাটকে কাজ করবেন। এসব নাটকে তিনি অভিনয় করবেন জাহিদ হাসান, রিয়াজ আর সজলের সঙ্গে।
পিয়ার আগামী ছবির নাম শেষ প্রহর। পরিচালক এইচ আর হাবিব। ছিটমহলের একটি হিন্দু পরিবারের জীবনের টানাপোড়েন নিয়ে ছবির গল্প। সামনেই শুরু হবে ছবির কাজ।
গত বছর বিয়ে করেছেন পিয়া। সবশেষে এলো তাঁদের সংসারের প্রসঙ্গ। বললেন, ‘খুব শান্তিতে আছি। এই একটা জায়গায় কোনো ঝামেলা নেই।’