অন্য জেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস
জেমস

শুক্রবার। বিকেল চারটা ৩৫ মিনিট। বারিধারা ডিওএইচএস পার্ক।
গাড়ি থেকে নেমে জেমস দ্রুত হেঁটে এলেন লেকের ধারে।
: কেমন আছেন?
: ভালো ভালো ভালো। হাতে একদম সময় নেই। তাড়াতাড়ি করতে হবে। কনসার্ট আছে, ফ্যান্টাসি কিংডমে। সেখান থেকে ফিরে রাতেই সিঙ্গাপুরে যাব।
: ফিরছেন কবে?
: সোমবার। কিন্তু মঙ্গলবার বিকেলেই যাব কলকাতায়। দম ফেলার সময় নেই।
আলোকচিত্রী প্রস্তুত। জেমসের ছবি কোথায় তোলা হবে, তা তিনি আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। শুরু হলো ছবি তোলা। মাত্র কয়েক মিনিট। তার পরই বিদায় নিয়ে তিনি ছুটলেন গাড়ির কাছে। যাওয়ার আগে বললেন, রাতে কথা হবে।
কথা রাখলেন জেমস। রাত ১০টা নাগাদ মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে।
: কলকাতায় কোনো কনসার্টে গান করবেন?
: না না, এবার জি বাংলার ‘সা রে গে মা পা’ অনুষ্ঠানে বিচারক হওয়ার জন্য ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি তো কখনো বিচারক হইনি। এবার নতুন অভিজ্ঞতা হবে। দেখি, যাই আগে। সেখান থেকে ফিরে আসার পর বলতে পারব কেমন হলো।
জেমস এবারই প্রথম গানের কোনো রিয়েলিটি শোর বিচারক হচ্ছেন। অনুষ্ঠানের নাম ‘সা রে গা মা পা ২০১৪-গানে গানে তোমার মনে’। গতকাল বুধবার কলকাতায় পর্বটি ধারণ করা হয়। এই রিয়েলিটি শোর প্রধান বিচারক হিসেবে আছেন কুমার শানু, হরিহরণ আর অলকা ইয়াগনিক।
জেমসের ব্যবস্থাপক রবিন ঠাকুর জানান, কলকাতার জনপ্রিয় কয়েকটি ব্যান্ডের সঙ্গে গান করবেন প্রতিযোগীরা। এই পর্বে আমন্ত্রিত বিচারক থাকবেন জেমস।
‘সা রে গা মা পা ২০১৪-গানে গানে তোমার মনে’ অনুষ্ঠানের আয়োজকদের মতে, দুই বাংলায় ব্যান্ডের গানকে জনপ্রিয় করতে ইতিবাচক ভূমিকা রেখেছেন জেমস। আর তিনি কোনো রিয়েলিটি শোর বিচারক হননি। তাই এই অনুষ্ঠানের নির্দিষ্ট দুটি পর্বের বিচারক হওয়ার জন্য তাঁকেই আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাকার চলচ্চিত্রে জেমস সর্বশেষ গান গেয়েছেন শাহ আলম কিরণের মাটির ঠিকানা ছবিতে। তাও কয়েক বছর আগের কথা। জেমস আবার বাংলাদেশের ছবির গানে কণ্ঠ দিচ্ছেন। মাত্র এক মাসেই তিনি তিনটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন। এবার শুরুটা হয়েছে ঈদের আগে, মাহফুজ আহমেদ প্রযোজিত ছবি জিরো ডিগ্রির গান দিয়ে। ছবির পরিচালক অনিমেষ আইচ। গানটির শিরোনাম ‘ভালোবাসা ও ঘৃণা’। লিখেছেন অনিমেষ আইচ। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। এরপর তিনি কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদারের সুরে। ছবির নাম সত্তা। পরিচালক হাসিবুর রেজা। গানের কথা লিখেছেন সোহানী হোসেন। তৃতীয় ছবিটি হলো ওয়ার্নিং। ‘বড় কষ্ট কষ্ট লাগে এই অন্তরে’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি।
রবিন ঠাকুর জানান, এ মাসে বাংলাদেশের আরও দুটি ছবির গানে কণ্ঠ দেওয়ার কথা আছে জেমসের।
ঢাকাই ছবির গানের ব্যাপারে আগ্রহ হওয়ার কারণ প্রসঙ্গে জেমস বলেন, ‘আমাদের এখানে ছবির যথেষ্ট উন্নতি হয়েছে। বাজেটও বেড়েছে। আমি যে ধরনের গান করি, নির্মাতারা ছবিতে সেই ধরনের গান রাখার কথা ভাবছেন। আমার কাজ হলো গান গাওয়া। মুম্বাইয়ে মাঝেমধ্যেই করছি, ঢাকায় কেন করব না!’
অ্যালবামের কথা উঠতেই বললেন, ‘দেশে আর দেশের বাইরের শো নিয়ে এত ব্যস্ত থাকতে হচ্ছে যে নতুন অ্যালবামের জন্য কোনো সময় দিতে পারছি না। তবে নতুন কিছু গান তৈরি করা আছে। দেখা যাক।’
সংগীতশিল্পী জেমস কিন্তু দীর্ঘদিন জড়িত আছেন ব্যবসার সঙ্গে। রেড ডট নামের বিজ্ঞাপনী সংস্থার তিনি চেয়ারম্যান। এবার তিনি যুক্ত হচ্ছেন রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে। ধানমন্ডি ৯/এ সড়কে তিনি তৈরি করছেন ফাইন ডাইনিং ধাঁচের একটি রেস্টুরেন্ট। সঙ্গে আছেন তাঁর একজন বন্ধু। শিগগিরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে রেস্টুরেন্টটি।
গান তো পেশা। কিন্তু জেমসের শখ কী? একটু অবাক করে দিয়ে তিনি বললেন, ‘ছবি তোলা। এখন এদিকটাতেই বেশি মনোযোগ দিচ্ছি।’
জানা গেল, তিনি যেখানেই যান, তাঁর সঙ্গে থাকে ক্যানন ওয়ান ডিএক্স ক্যামেরা। প্রকৃতিকে তিনি ক্যামেরাবন্দী করেন। সেখান থেকে কিছু ছবি তিনি ফেসবুকে দেন ভক্তদের জন্য। জানান, নিজের তোলা আলোকচিত্রগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করবেন। আর তখন পাওয়া যাবে অন্য একজন জেমসকে।