অন্য প্রশ্ন ভিন্ন উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকার বিশ্বকাপ
তারকার বিশ্বকাপ

চলছে ফিফা বিশ্বকাপ ২০১৪। বিশ্বকাপজ্বরে এখনো বিশ্ব কাঁপছে। আমরা একটু অন্য রকম প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম কয়েকজন তারকার কাছে, যাঁরা বিশ্বকাপ দেখছেন। লিখেছেন দেব দুলাল গুহ


কোন দল সাপোর্ট করি এবং কেন করি...

জাহিদ হাসান
আমি আর্জেন্টিনার সাপোর্টার। সেই ১৯৮৬ সালে বুদ্ধি হওয়ার পর থেকে ম্যারাডোনার খেলা ভালো লাগে। ফকল্যান্ড যুদ্ধের কারণে আর্জেন্টিনার প্রতি একটা টান চলে এসেছে।
অপু বিশ্বাস
ব্রাজিলের খেলা দেখার সময়টা বের করে নিই। বুঝতেই পারছেন, ব্রাজিলকে সমর্থন করি। ছোটবেলায় জার্সিটা সুন্দর বলেই কেবল ব্রাজিলকে সাপোর্ট করতাম। মজার না?
ফেরদৌস
প্রথম যখন ফুটবল খেলা বুঝতে শুরু করি, তখন থেকেই ম্যারাডোনার সেই উন্মাদনা মনের মধ্যে গেঁথে গেছে। আর্জেন্টিনার খেলোয়াড়দের দক্ষতা, আর খেলার ভেতর যে অন্য ধরনের একটা আর্ট—এসবের প্রতি ভালো লাগা থেকেই বিকল্প আর কিছু ভাবতে পারি না আসলে । কাজেই, এবারও প্রিয় আর্জেন্টিনা।
আসিফ আকবর
শুধু বিশ্বকাপ না, আমি সারা জীবনই ব্রাজিলের সাপোর্টার । বয়স যখন ৯ কি ১০, তখন দেখি ১৯৮২-এর বিশ্বকাপ; সক্রেটিস, জিকো মন জয় করে নেন। এরপর গত ৩০ বছর ফুটবলের তীর্থস্থান ব্রাজিলের সঙ্গেই আছি। ব্রাজিল আর্জেন্টিনার মতো ম্যারাডোনা কিংবা মেসিনির্ভর দল নয়, দলগতভাবেই ভালো খেলে ব্রাজিল। ব্রাজিলে ফুটবল কেবল খেলা নয়, বরং একটা সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক চেতনা ধারণ করে। আমরা যারা বুঝি, তারা পেলে বা নেইমার নয়, ব্রাজিলের সাপোর্টার।
মুনমুন
সময় পেলেই খেলা দেখি। আমার প্রিয় দল ব্রাজিল। ব্রাজিলের প্রতি এই ভালো লাগাটা তৈরি হয়ে গেছে ছোটবেলাতেই, যখন পরিবারের সবাইকে দেখতাম ব্রাজিল সাপোর্ট করত। আর এখন ভালো লাগে ওদের ডিফেন্স, ওদের কৌশল।

লিওনেল মেসি
লিওনেল মেসি

বিশ্বকাপ জিতবে যে দল...
জাহিদ হাসান
এবার তো জার্মানি আর নেদারল্যান্ডস অনেক ভালো খেলছে। এরা কেউ জিততে পারে। অন্যদিকে ব্রাজিল-আর্জেন্টিনাও ভালো খেলে। আমি চাইব, ব্রাজিল-আর্জেন্টিনা আসুক সামনাসামনি। এঁদের কেউ জিতুক।
অপু বিশ্বাস
আমি ব্রাজিল সাপোর্ট করি এবং ব্রাজিলেই খেলাটা হচ্ছে, সেহেতু আমি চাইব ব্রাজিলই জিতুক এবার।
ফেরদৌস
অপেক্ষাকৃত কম ফেভারিট দলগুলো কিন্তু ভালো খেলেছে এবার। তবে, এখন পর্যন্ত তো অবশ্যই আর্জেন্টিনা জিতবে বলে মনে হচ্ছে। আমি চাচ্ছি মেসি একটা বিশ্বকাপ নিক।
আসিফ আকবর
জার্মানি, নেদারল্যান্ডস বা ব্রাজিলের মধ্যে থেকেই জেতার সুযোগ আছে। তবে নিজেদের মাঠে ব্রাজিলকেই আমি এগিয়ে রাখব।
মুনমুন
আমার পছন্দের দল যেহেতু ব্রাজিল, তাই আমি চাইব ব্রাজিল বিশ্বকাপ জিতুক। দ্বিতীয় পছন্দ হচ্ছে জার্মানি।


যার খেলা বেশি ভালো লেগেছে এবার...

জাহিদ হাসান
বেশি ভালো লেগেছে নেদারল্যান্ডসের রোবেনের খেলা।
অপু বিশ্বাস
অবশ্যই বলব নেইমারের কথা। আমি চাইব সেরা খেলোয়াড়ের খেতাবটা নেইমারেরই হোক। তবে অস্বীকার করার উপায় নেই, মেসির খেলাও ভালো লাগে।
ফেরদৌস
মেসির খেলা ভালো লেগেছে, নেইমারের খেলাটাও ভালো লেগেছে। ভালো লেগেছে ব্রাজিলের অস্কারের খেলাও। তবে মেসি বেশ বিচক্ষণ ও বুদ্ধিমান। সুযোগের অপেক্ষায় থাকে, পেলেই কাজে লাগায়।
আসিফ আকবর
কলম্বিয়ার জেমস রড্রিগেজ, জার্মানির থমাস মুলার, চিলির সানচেজ, মেক্সিকোর আচোয়া ভালো খেলেছে। আর মেসি, নেইমার, রোনালদো তো ভালো খেলেছে এবং খেলছেই।
মুনমুন
ইরানের সঙ্গে খেলার সময় খেলার অতিরিক্ত সময়ে মেসির করা সেই অপূর্ব গোলটির জন্য বলব, এবার মেসির খেলা বেশি ভালো লেগেছে। নেইমারের খেলাও ভালো লাগছে।

খেলা দেখি সবাই মিলে...
জাহিদ হাসান
শুটিংয়ে থাকলে অনেক সময় শুটিং ইউনিটে দেখি। তবে বাসাতেই সবাই মিলে বেশি দেখা হয়। আমি আর আমার ছেলে

জারিফ আর্জেন্টিনার পক্ষ নিই। অপরদিকে ব্রাজিলের পক্ষে থাকে মৌ আর পুষ্পিতা । দুই দলে ভাগ হয়ে অনেক মজা নিয়ে চিল্লাপাল্লা করে খেলা দেখি।
অপু বিশ্বাস
আমার ভাগনে লাজুক মেসিভক্ত আর আর্জেন্টিনার সাপোর্টার। অনলাইনে ওকে সঙ্গে নিয়েই খেলা দেখি। সব সময় তর্কযুদ্ধ হয় স্কাইপি কিংবা ভাইবারে।
ওর রাগটা হলো, আমি কেন নেইমারকে পছন্দ করি? কেন মেসিকে নয়?
ফেরদৌস
বেশির ভাগ সময় পরিবারের সঙ্গেই খেলা দেখা হয়। এবার রোজার মাসটা ঢাকাতেই থাকছি, আর মেয়েরও স্কুল ছুটি। বেশ তো, রাত জেগে খেলা দেখে সেহরি করে ঘুমাতে যাওয়া যাবে।
আসিফ আকবর
দিনের প্রথম খেলাটা আমরা অফিসের বড় পর্দায় বন্ধুরা মিলে দেখি। আর গভীর রাতেরটা বাসায় এসে দেখি মাঝেমধ্যে। মজার বিষয় হচ্ছে, আমার বাসায় সবাই ব্রাজিলের সমর্থক।
মুনমুন
১০টার মধ্যে শুটিং শেষ করে বাসায় ফিরে সবাই মিলে খেলা দেখতে চেষ্টা করি। না পারলে মোবাইলে যে অ্যাপ ডাউন লোড করে নিয়েছি, ওটায় আপডেট পাই সব সময়। তাতে খেলা দেখার মজা পাই না সত্যি, কিন্তু কাজটাও যে শেষ করা চাই! বাসায় আমরা দুজন খুব উপভোগ করি এবং দুজনই ব্রাজিলের সাপোর্টার।

নেইমার
নেইমার

বিশ্বকাপে খেলার সুযোগ যদি পেয়েই যাই...
জাহিদ হাসান
বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হলে আমি অবশ্যই বাংলাদেশ দলে খেলব এবং দেশকে বিশ্বকাপ জেতাব।
অপু বিশ্বাস
বিশ্বকাপে খেলার সুযোগ পেলে আমি অবশ্যই ব্রাজিলের হয়ে নেইমারের পাশে থেকে খেলতে চাইব। আসলে, মাঠে ওর সঙ্গে রোম্যান্টিক কোনো দৃশ্যে বা গানে থাকতে চাইব! নেইমারের নায়িকা হয়েই না হয় খেলব, পাশে থেকে ওকে অনুপ্রেরণা জোগাব!
ফেরদৌস
আমার মেয়ে নুজহাত কিন্তু ব্রাজিলের সাপোর্টার। সেদিন চিলির বিপক্ষে ব্রাজিল গোল দিয়েছে, আর ও হঠাৎ চিৎকার দিয়ে উঠেছে ‘ব্রাজিল! ব্রাজিল!’ আমি তো অবাক! কিছু জানে না, কিছুই বোঝে না; অথচ সাপোর্ট করে ব্রাজিল! জানতে চাইলাম, ‘এই তুই আর্জেন্টিনা না বলে ব্রাজিল বললি ক্যান?’ এই যা, শুরু হয়ে গেল বাপ-বেটির যুদ্ধ! হা হা হা...। তাই আর্জেন্টিনা অথবা ব্রাজিলের হয়েই খেলতে চাইব।
আসিফ আকবর
ফুটবল? নাহ্, আমি ফুটবল খেলি না, খেলব না। চার বছর পর পর ভালো লাগে, এর বেশি ভালো লাগে না। হা হা হা... তবে ক্রিকেটটা সারা বছর খেলা হয়।
মুনমুন
ব্রাজিলের যেহেতু ডিফেন্স স্ট্রং, ব্রাজিলেই খেলব। ভাবছেন, আমি গেলে গোল খাবে ব্রাজিল? কখনোই না, নেইমার থাকবে যে আমার পাশে! হা হা হা...

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো

সহশিল্পী হিসেবে যে খেলোয়াড়কে চাই...
জাহিদ হাসান
একজনকেও না। কেউ অভিনয় পারবে না। অভিনয় এত সহজ জিনিস না।
অপু বিশ্বাস
বলেই তো দিলাম! শুধু নেইমারকেই চাইব।
ফেরদৌস
খেলার কথা ভাবতেই চাই না আমি । আমি বরং বলব, খেলার শুরুতে অথবা শেষে যদি প্রিয় দল আর্জেন্টিনার চিয়ারলিডার হয়ে একটা শো করার সুযোগ মেলে, তাতেই আমি অনেক বেশি কমফোর্ট ফিল করব! যার যেটা কাজ আরকি! হা হা হা...
মেসির সঙ্গে একটা ত্রিভুজ প্রেমের কাহিনি করলে কেমন হয়? আমরা কিন্তু জাগো পার্ট ২ করতে পারি। ধরুন, আমরা দুজন দুই টিমের ক্যাপ্টেন, পছন্দ করি এলাকার সুন্দরী মেয়েটিকে। যার দল জিতবে, সুন্দরী তাঁর হবে! হা হা হা... অনেকটা নতুন কোনো রাজ্য জয়ের পর সেই রাজ্যের রাজকন্যাকে বিয়ে করার মতো!
আসিফ আকবর
আমার প্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো, যদিও তাঁর টিম বাদ পড়ে গেছে। তিনি রাজি হলে তাঁকেই চাইব।
মুনমুন
আসলে, খেলায় তাঁরা সবাই ভালো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু অভিনয় করতে বা উপস্থাপনা করতে আদৌ পারবে কি না, সেটা দেখতে হবে। না পারলে নাই। সবার একটা করে স্ক্রিন টেস্ট নেওয়া যেতে পারে আগে, তারপর সিদ্ধান্ত।


প্রিয় দল জিতলে...

জাহিদ হাসান
প্রিয় দল জিতলে তো আনন্দটা অসাধারণ লাগে, কিন্তু হেরে গেলে তার চেয়ে বেশি খারাপ লাগে।
অপু বিশ্বাস
আমি তো অনেক দিন ধরে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করছি। তো নেইমারের হাতে বিশ্বকাপ উঠলে আমি সেদিন নিজেই অনেক খাব, অনেক রিচ ফুড খাব, অনেক খুশি হব।
ফেরদৌস
আমার মেয়েটা তো কেক কাটবে, আরও কত কিছু করবে বলে ঠিক করে রেখেছে। তাই করব। ওর সুখেই তো আমার সুখ!
আসিফ আকবর
চিলির সঙ্গের ম্যাচটাতো একেবারে শরীরের ওপর দিয়ে গেছে। পরে যখন জিতেই গেলাম, অফিসের সবাই মিলে পার্টি করলাম। আর্জেন্টিনার সমর্থকরা তখন চুপ ছিল। বেশি উচ্চবাচ্য করেনি। ওদেরও পার্টিতে খাইয়েছিলাম। আর ব্রাজিল বিশ্বকাপ জিতলে
এরচেয়ে বড় পার্টি হবে।
মুনমুন
ব্রাজিল জিতলে একটা পার্টি তো হবেই।