অন্য মাইলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দশক আগে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে (রূপসী বাংলা) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের। প্রথম দিকে ব্যান্ডটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের জনপ্রিয় শিল্পীদের গান করত। এ ধারা চলতে থাকে প্রায় ১১ বছর। ইংরেজি গানের চর্চার একপর্যায়ে ১৯৯০ সালে মাইলস ব্যান্ড বাংলা গান করার সিদ্ধান্ত নেয়। তিন দশক পেরিয়ে মাইলস আজ দেশের বাইরেও জনপ্রিয় একটি ব্যান্ড। তারই ধারাবাহিকতায় গত বছরের শেষের দিকে আড়াই মাসের জন্য যুক্তরাষ্ট্র সফরে বের হয় মাইলস। আড়াই মাসের ওই টুরে ব্যান্ডটি যুক্তরাষ্ট্রের ১০টি প্রদেশে ১০ মেগা কনসার্টে গান করে। এদিকে গত ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবসের কনসার্টে জাগরণের গান ও দেশের গান করে মাইলস। এ ধরনের পরিবেশনায় সেদিন সবাই যেন অন্য মাইলস ব্যান্ডকে খুঁজে পায়। মাইলসের কণ্ঠে জাগরণের গান ও দেশের গানগুলোও যেন নতুন মাত্রা পায়। মাইলস ব্যান্ডের বর্তমান কার্যক্রমসহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে রোববার সন্ধ্যায় গিয়েছিলাম বাংলামোটরের কাছাকাছি মাইলসের প্র্যাকটিস প্যাডে। রাত নয়টার মধ্যে সেখানে পৌঁছে গেছেন হামিন, মানাম, জুয়েল ও তূর্য। পারিবারিক ব্যস্ততার জন্য সেদিন সবার সঙ্গে আড্ডায় থাকতে পারেননি শাফিন আহমেদ। তাই তাঁর সঙ্গে কথা বলার জন্য মুঠোফোনের সাহায্য নিতে হয়। স্টুডিওতে ঢুকতেই হামিন আহমেদের সঙ্গে দেখা। তখন তিনি বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা দেখতে ব্যস্ত। ওদিকে মানাম আহমেদ ও জুয়েলের ব্যস্ততা মুঠোফোনে ফেসবুক নিয়ে। তূর্য এদিক-ওদিক পায়চারি করছেন। শুরুতে দেশের গান প্রসঙ্গে হামিন আহমেদ বললেন, ‘দেশের গান নিয়ে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের কোনো পরিকল্পনা নেই। এটা ঠিক যে আমরা দেশের বিভিন্ন সমস্যা ও সমসাময়িক ইস্যু নিয়ে গান করেছি। সত্যিকার অর্থেই দেশের গান বলতে যা বোঝায়, মাইলস এখনো তা করেনি।’শাফিন বললেন, ‘গান করার ব্যাপারে মাইলস সব সময় খুব ভেবেচিন্তে কাজ করে। সামনে দেশের গান করব। আর গানটির মধ্য দিয়ে নিজেদের ভাবনা-চিন্তা তুলে ধরব।’মানাম বললেন, ‘এ প্রজন্মের মানুষেরা দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে অনেক বেশি সচেতন। সাম্প্রতিক সময়ের কিছু কর্মকাণ্ড আমাদের সেই ইঙ্গিতাই দিচ্ছে। তাই আমার মনে হচ্ছে, দেশের গান নিয়ে মাইলসের ভাববার সময় চলে এসেছে।’জুয়েল বললেন, ‘নিজেদের তৃপ্তির জন্য মাইলসের দেশের গান করার সময় এসেছে।’জানা গেছে, মাইলসের নতুন অ্যালবাম প্রতিচ্ছবি পুরোপুরিভাবে তৈরি হয়ে আছে। প্রতিচ্ছবি প্রসঙ্গে মানাম বললেন, ‘দেশের এখন যে অবস্থা, তাতে অ্যালবাম প্রকাশের কথা চিন্তাই করা যায় না। আমাদের কাজ কিন্তু থেমে নেই। আমরা নতুন অনেক গান করছি। তা ছাড়া এখনকার মানুষের ফোকাসটাও অন্যদিকে। ’‘দেশের রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বেশ কয়েক বছর ধরেই সংগীতাঙ্গনেও একধরনের অস্থিরতা চলছে। তাই এ মুহূর্তে অ্যালবাম প্রকাশকে সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে হচ্ছে না।’ বললেন জুয়েল।কথা প্রসঙ্গে হামিন জানালেন সবচেয়ে চমকপ্রদ খবরটি। ‘আমরা জানি আমাদের চাহিদা কী, দর্শক-শ্রোতারা আমাদের কাছে কী চায়? আমরা কোন পথে এগোব—সবই আমাদের জানা। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে সেখানকার দর্শকদের কাছেও মাইলস ব্যান্ডের চাহিদার ব্যাপারটি অনুভব করেছি। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আমাদের পরবর্তী অ্যালবাম প্রতিচ্ছবি আন্তর্জাতিকভাবে প্রকাশের। শুধু প্রকাশই নয়, অ্যালবামটি বিশ্বের বিভিন্ন দেশে বাজারজাতও করা হবে। কিন্তু বাংলাদেশকে বাদ দিয়ে নয়।’ তিন দশকে মাইলস দেশে ও দেশের বাইরে প্রায় দেড় হাজার কনসার্টে গান করেছে। দেশের বাইরে প্রথম গান করে ভারতের বেঙ্গালুরুতে (১৯৯৪)। দুই বছর পর ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে টানা তিন মাসের সফরে ১০টি কনসার্টে গান করেছে মাইলস। সে সময় মাইলস ব্যান্ডের কনসার্ট যুক্তরাষ্ট্রের বাঙালিদের মধ্যে মুগ্ধতার আবেশ ছড়িয়েছিল বলে জানান শাফিন। তার পরও নানা প্রস্তাব থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যায়নি মাইলস। শাফিন বললেন, ‘বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বদরবারে উপস্থাপনের ক্ষেত্রে মাইলস সব সময় সচেতন। আমরা সব সময় চেয়েছি কনসার্টের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখার। মাইলস যুক্তরাষ্ট্র সফরে আন্তর্জাতিক মান বজায় রাখাতে আমরা অনেক গর্বিত।’যুক্তরাষ্ট্র সফরে মাইলস শুধু গানই করেনি। নিজেদের যুক্ত করেছে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও। মানাম বললেন, ‘তারকাখ্যাতি তৈরি হওয়ার পাশাপাশি দায়িত্বও বেড়ে যায় অনেকখানি। যুক্তরাষ্ট্রে ১০টি কনসার্টের একটি ছিল হিউস্টনে। সেখানকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজন করে কনসার্টটি। সংস্থাটির জন্য ৩০ হাজার ডলার ফান্ড সংগ্রহ করে দেয় মাইলস। মাইলস সদস্যদের অটোগ্রাফসহ একটা সাধারণ অ্যাকুস্টিক গিটার বিক্রি হয় ১০ হাজার ডলারে। ব্যান্ড সদস্য হিসেবে পুরো বিষয়টি আমাদের জন্য অনেক আনন্দের।’হামিন বললেন, ‘১৯৯৬ সালে যুক্তরাষ্ট্র সফরে আমাদের কনসার্টটি করার ক্ষেত্রে ডিসকো রেকর্ডিংয়ের শাহীন অনেক সহযোগিতা করেছিল। এবারের যুক্তরাষ্ট্র সফরের প্রমোটর ছিল তানভীর শাহীন।’সবশেষে নিজেদের নতুন পরিকল্পনার কথা জানাতে গিয়ে হামিন বললেন, ‘তিন দশকে মাইলস ব্যান্ডের শক্তি হচ্ছেন তাদের দর্শকেরা। ভাবছি, মাইলসের কনসার্টের গানগুলো নিয়ে কোনো ভিডিও অ্যালবাম প্রকাশ করা যায় কি না।’ এ প্রসঙ্গে শাফিন বললেন, ‘সত্যিকার অর্থে আমরা বিষয়টি নিয়ে আগে খুব একটা ভাবিনি। একটু গভীরভাবে চিন্তা করলে এবারের যুক্তরাষ্ট্র সফরটাকেও ভিডিও অ্যালবাম আকারে প্রকাশ করা সম্ভব হতো। ভাবছি, সামনে মাইলস ব্যান্ডের ডকুমেন্টারি বানাব।’মাইলস ব্যান্ডের প্রথম অ্যালবামটি ছিল প্রতিশ্রুতি (১৯৯১)। এরপর বেরিয়েছে প্রত্যাশা (১৯৯৩), প্রত্যয় (১৯৯৬), প্রয়াস (১৯৯৭), প্রবাহ (২০০০) ও প্রতিধ্বনি (২০০৬)। এ ছাড়া ভারত ও যুক্তরাষ্ট্র থেকে বেস্ট অব মাইলস নামে বেরিয়েছে ডাবল সিডির দুটি অ্যালবাম। আর এ বছরই প্রতিচ্ছবি অ্যালবামের গ্লোবাল রিলিজ মাইলসকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন ব্যান্ডের সদস্যরা।