অন্য রকম একটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুরা সবাই মিলে টুকটুকিকে ডাক দিল। কিন্তু এল না। মাইকে একজন বলে দিল আরও জোরে ডাকতে হবে, আরও জোরে! এবার আর না এসে পারল না টুকটুকি! এসেই বন্ধুদের মজার একটা গান শোনাল সিসিমপুরের এ বন্ধু। টুকটুকির গান শুনে বাকি বন্ধুরাও চুপ থাকল না। তারাও সুর মেলাতে লাগল সঙ্গে। সবার কণ্ঠে গান। মনে হলো সকালবেলা রোদ ওঠার আগেই অনেকগুলো পাখি মিলে কিচিরমিচির শুরু করে দিয়েছে।

এরই মধ্যে মাইকে একজন প্রশ্ন ছুড়ে দিলেন, ‘তোমাদের মধ্যে সবচেয়ে শান্ত আর চুপচাপ কে, বলো তো দেখি?’

প্রায় সাড়ে তিন শ বন্ধু একসঙ্গে চিৎকার করে উঠল, ‘আমি!’ বোঝা গেল কেউ কম ‘শান্ত’ নয়!

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে—এমন ১৩টি স্কুল ও সংগঠনের শিশুরা নন্দন পার্কে ২০ মার্চ কাটাল অন্য রকম একটি দিন। ওয়াটার ওয়ার্ল্ডের নীল জলে লাফালাফি, ঝাঁপাঝাঁপি, বন্ধুদের গান-নাচ আর আবৃত্তিতে চমৎকার একটি দিন ছিল সেটা। শিশুদের জন্য অন্য রকম এ দিনটির আয়োজন করেছিল ঢাকা ইন্টারন্যাশনাল উইমেনস অ্যাসোসিয়েশন।

বানানা পার্টি: অনুষ্ঠানের শুরুই হয় বানানা পার্টি দিয়ে। আগে হাপুস-হুপুস খাওয়াদাওয়া! তারপর না কাজকর্ম, আনন্দ-হুল্লোড়। তবে খেলেই তো হবে না। খেতে হবে পুষ্টিকর খাবার।

অনুষ্ঠানের মঞ্চের ভেতর যাওয়ার আগেই সবাইকে দেওয়া হচ্ছিল একটি করে কলা, ডিম আর নুডলস! তবে শর্ত ছিল, কলা খেয়ে ময়লা ফেলতে হবে নির্দিষ্ট ঝুড়িতে। বন্ধুরা কিন্তু করলও তা-ই। শুধু কি এক দিনের জন্য? এখন থেকে তারা প্রতিদিনই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবে বলে কথা দিল সবার সামনে।

আলোর নাচন:
মঞ্চ প্রস্তুতই ছিল। নাচতে শুরু করে দিল ‘স্কুল অব হোপের’ বন্ধুরা। ‘শাখে শাখে পাখি ডাকে, আহা কী আনন্দ কী আনন্দ আকাশে-বাতাসে!’ সত্যি তো আজ আর হারিয়ে যেতে মানা নেই। ছোটরাই আজ যেন বাড়ির কর্তা। নাচের পরপরই আরেক দল বন্ধু এসে শুরু করে দিল গান—‘আমরা করব জয়!’

ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল: শিশুদের দীর্ঘ দিনের বন্ধু ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল। শিশুদের তিনি কত্ত ভালোবাসেন! আর কত কত কাজ করেন তাদের জন্য! এত এত নতুন বন্ধু পেয়ে তাই দারুণ খুশি তিনি। এমন আয়োজন তো এবারই প্রথম নয়, যতবারই হয়েছে, ততবারই এসেছেন তিনি আর তাঁর ‘আপনগাঁও’ স্কুলের বন্ধুরা। এবার আসতে পেরে আরও বেশি খুশি তিনি। কেননা এ বছরই সবচেয়ে বেশি বন্ধু এসেছিল।

আসল মজা জলে: তবে আসল মজা বুঝি জলেই। নন্দনের ওয়াটার ওয়ার্ল্ডের পুরোটা জুড়েই ছোটদের পৃথিবী। কেউ লাফাচ্ছে নীল জলে ঢেউ তুলছে আবার কেউ গানের তালে তালে কৃত্রিম বৃষ্টির অঝোর ধারায় ভিজছে। অল্প জলেই সাঁতার শুরু করে দিল ‘অপরাজেয়’ স্কুলের বন্ধুরা। মানিকগঞ্জের ‘আপনগাঁও’ স্কুলের জীবন বলল, ‘আজকের দিনটি ভালো কাটছে, সব দিন এমন হলে ভালো হতো।’ সাইফ নামের আরেক শিক্ষার্থী বলল, ‘আমি আজকে অনেক স্বাধীন। তাই অনেক মজা করছি।’

সিসিমপুর হাজির: কেবল টুকটুকিই নয়, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে হাজির হয়েছিল পুরো সিসিমপুর পরিবার। বন্ধুদের বেশি বেশি বই পড়ার কথা বলে গেল পড়ুয়া বন্ধু টুকটুকি। হালুম বলে গেল মাছ খেয়ে বুদ্ধি বাড়ানোর কথা। গান গাওয়া শেষে বন্ধুদের সঙ্গে হাতও মেলাল সবাই। আর জানিয়ে দিল, বন্ধুদের খুব ভালো লেগেছে তাদের।

আইসক্রিম এল:
গরম তো আর কম ছিল না। চাই ঠান্ডা কিছু। চলে এল আইসক্রিম। বন্ধুদের খুশি দেখে কে! আইসক্রিম খেতে খেতে শেষ হয়ে গেল সেদিনের আয়োজন। আবার পরের বছরের অপেক্ষায় বন্ধুরা।