অন্য রকম মুগ্ধতা

‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’—লালন সাঁইয়ের এই গান দিয়ে যখন সাধুসঙ্গের শুরু হলো, তখন দুপুর। ভক্তদের ভিড়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের দোসপাড়ায় লালন সাঁই বটতলায় সাধুসঙ্গ প্রাঙ্গণ মুখরিত। দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন সাধু গুরু ও বাউল সংগীতশিল্পীরা। বিজয়ের মাসে ১৭ ডিসেম্বর মঙ্গলবার এবারের লালন সাঁই বটতলায় সাধুসঙ্গের উদ্বোধন হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর কেবল লালনের গান আর বাণীর কলতান। ‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’ গানটির সূচনা হলো উদ্বোধনের পর সাধুসঙ্গের শুরুতেই।
প্রতিবছর লালন সাঁই বটতলায় দুই দিনব্যাপী সাধুসঙ্গের আয়োজন করা হয়। আসেন খ্যাত-অখ্যাত নানা শিল্পী। তবে এবার দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে দুই দিনের পরিবর্তে এক দিনের সাধুসঙ্গের আয়োজন করা হয়। সাধুসঙ্গের আসরটি প্রথম দিকে দিনের বেলায় শুরু করে সন্ধ্যার মধ্যে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে দর্শকের দাবির মুখে সেই আসর গড়াল সন্ধ্যা পেরিয়ে মধ্যরাত পর্যন্ত।
বেলা আড়াইটায় উদ্বোধনের পর শুরু হয় গান। এভাবে দুপুর পেরিয়ে বিকেল, সন্ধ্যা; তারপর সন্ধ্যা পেরিয়ে আসর শেষ হলে দেখা গেল ঘড়ির কাঁটায় রাত একটা। দর্শকদের আবদার, তখনো চলবে গান। শেষ পর্যন্ত ‘মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে’ সম্মিলিত কণ্ঠে লালনের এ গানের মধ্য দিয়ে সমাপ্ত হলো সাধুসঙ্গ।
আয়োজক সূত্রে জানা যায়, সাধুসঙ্গের এবারের আসরে মোট ২০ জন সাধুগুরু ও বাউলশিল্পী গান পরিবেশন করেন। তাঁরা হলেন আরিফ বাউল, বাউল খায়রুল বাশার, মোসলেম ফকির, হানিফ সাঁই, আজগর আলী সাঁই, মৌসুমী আক্তার, তকবির বাউল, নাহিদা পারভিন, বাউল গোলাপি, সাইদুল বাউল, সুকুমার বাউল, কাঙ্গাল বন্ধু মহান বাউল, সামাদ বাউল, কবির হোসেন ও পদ্ম হেমধামের শিক্ষার্থী মীম।
এর আগে দুপুর ২ টায় লালন সাঁই বটতলায় সাধুসঙ্গের আয়োজক লালন চর্চা কেন্দ্র ‘পদ্ম হেমধাম’-এর সভাপতি সাংবাদিক কবির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে সাধুসঙ্গকে কেন্দ্র করে বটতলার পাশেই মাঠে বসেছিল মেলা। মেলায় নানা দ্রব্যের পসরা আর বাউলদের কণ্ঠে মরমি গান—সব মিলিয়ে সেদিন সাধুসঙ্গের প্রতিটি মুহূর্ত ছিল মুগ্ধতায় বিভোর, অন্য রকম ভালো লাগায় মুখর!