অন্যরকম তাহসান
‘গানের পাশাপাশি এ পর্যন্ত হাতে গোনা কয়েকটি নাটকে অভিনয় করা হয়েছে। প্রতিটি নাটকে আমার অভিনীত চরিত্র ছিল অনেকটা আমার নিজের মতো। কিন্তু এবারের নাটকে আমার চরিত্রটি একেবারেই অন্যরকম। বলা যেতে পারে অনেকটা নিজের একেবারে বিপরীতধর্মী একটি চরিত্রে অভিনয় করছি। তা-ও আবার এক নাটকে তিন ধরনের চরিত্র।’ গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের একটি বাড়িতে এসব কথা বলেন তাহসান। সেখানে শাফায়েত মনসুর পরিচালিত ‘রিভিশন’ নামের একটি খণ্ড নাটকের শুটিং করছিলেন তিনি। জানা গেছে, সামনের ঈদে নাটকটি এনটিভিতে প্রচার করা হবে।তাহসান বলেন, ‘“রিভিশন” নাটকের গল্পটা আমার কাছে একটু অন্য রকম মনে হয়েছে। এ নাটকে আমাকে একেবারে অন্যরূপে দেখতে পাবেন দর্শকেরা। সত্যি কথা বলতে কী, শুটিং করে মনে হয়েছে এ নাটকটিতে আমি সাধারণত যে ধরনের, এর একেবারে উল্টোটি দেখানো হয়েছে। “রিভিশন” নাটকের শুটিং করে আমার নিজেরও অনেক ভালো লেগেছে।’রিভিশন ছাড়াও এবারের ঈদে তাহসান আরও একটি খণ্ড নাটকের শুটিং করেছেন। এ ছাড়া সামনের মাসের প্রথম সপ্তাহে শিহাব শাহীনের পরিচালনায় একটি টেলিছবির শুটিংও করবেন বলে জানিয়েছেন তাহসান।