প্রীতম, আপনি শাহবাগ নিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করেছেন। কেন এই অ্যালবাম করতে আগ্রহী হলেন?শিল্পী হিসেবে আমার কণ্ঠ সব সময় অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়েছে। মানবতাবিরোধী অপরাধে অপরাধী কাদের মোল্লার রায়ও আমাকে বিক্ষুব্ধ করেছে। ৫ ফেব্রুয়ারি রাতেই একাত্তরের হাতিয়ার গানটি তৈরি করি। ৬ ফেব্রুয়ারি গানটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকেও আপলোড করি। এরপর শাহবাগ নিয়ে আরও দুটি গান তৈরি করি। আর তাই শাহবাগ আন্দোলনের গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিই। আপনার অ্যালবামটি নাকি ফর লাইফ নামের একটি দাতব্য প্রতিষ্ঠান থেকে প্রকাশ করেছেন? বেশ কয়েক বছর ধরে আমাদের দেশের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো অ্যালবাম বিক্রির সত্যিকারের হিসাবটা কখনো প্রকাশ করছে না। এ ক্ষেত্রে তারা পাইরেসির দোহাই দিয়ে থাকে। পাইরেসির দোহাই দিলেও তারা কিন্তু ঠিকই ব্যবসা করে যাচ্ছে। শুধু গীতিকার, সুরকার ও শিল্পীরা আর্থিকভাবে প্রযোজকদের কাছ থেকে প্রতারিত হয়ে থাকেন। তাই নিজে থেকেই ফর লাইফ প্রতিষ্ঠান থেকে অ্যালবামটি প্রকাশ করেছি। এটি কিন্তু আমার নিজের গড়া প্রতিষ্ঠান।শুনলাম, শাহবাগ কলিং— আবার একাত্তর অ্যালবামটি থেকে বিক্রীত অর্থ অসহায়দের সাহায্যার্থে ব্যয় করা হবে?ঠিকই শুনেছেন। শাহবাগ কলিং—আবার একাত্তর অ্যালবামটিতে কি শুধুই শাহবাগকেন্দ্রিক গান থাকছে?না। শাহবাগ আন্দোলনকে কেন্দ্র করে গান থাকছে তিনটি। রয়েছে ৭ মার্চের ভাষণ নিয়ে গান। বাকিগুলো বিভিন্ন সময়ে বাংলাদেশের নানা সমস্যাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এর মধ্যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড, কানসাট ট্র্যাজেডি উল্লেখযোগ্য।