অন্যের চিঠি শোনার আনন্দও কি কম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবৃত্তি করছেন মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের একজন শিল্পী। ছবি: প্রথম আলো
আবৃত্তি করছেন মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের একজন শিল্পী। ছবি: প্রথম আলো

প্রেমের চিঠির নিয়তি ভালো নয়। বড়দের হাতে ‘ধরা খাওয়া’র আশঙ্কা নিয়ে এগুলো হাতবদল হয়। যার ভাঁজ খুললে নিশ্চিত রোমাঞ্চের দেখা মিলবে, তার তো একটু ঝুঁকি থাকেই। বহু বছরেও সেই রোমাঞ্চ পুরোনো হয় না। এই চিঠিগুলো একদিন মূল্যবান হয়ে ওঠে। আর বাচিকশিল্পীর ঠোঁটে চড়লে তো কথাই নেই। শুধু কি পড়া? অন্যের চিঠি শোনার আনন্দও কি কম?

গতকাল শুক্রবার সন্ধ্যার কথা। ডাকপিয়নের মতো চিঠির বস্তা নিয়ে শাহবাগে হাজির হন ১৮ জন শিল্পী। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের মঞ্চে রাখা ছিল একটি লাল ডাকবাক্স। সেই বাক্সের পাশে বসে চিঠিগুলো পড়ে শুনিয়েছেন মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের শিল্পীরা। খুঁজে খুঁজে এনেছেন নানা রকম সব চিঠি। কোনোটি কবিতা, কোনোটি উপন্যাস আবার কোনোটি সত্যিকারের চিঠি। এ প্রযোজনার নাম ‘পত্রকাব্য’।

‘আবৃত্তির প্রযোজনা’ বললে এই আয়োজনকে বোঝানো যাবে না। বলতে চাই, মানুষের প্রেমের চিঠি আবৃত্তি করলে শুনতে যে এত ভালো লাগে, তা লিখে বোঝানো যাবে না। অন্ধকার মিলনায়তনে চোখ বুজে শুনলেই বোঝা যাবে। ধরা যাক কাল সন্ধ্যার কথা। শ্রাবণী সরকার পড়ছিলেন সাখাওয়াত নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রের লেখা একটি চিঠি। ‘একটা বোকা মেয়ের গল্প’ নামের সেই চিঠিতে সত্যিকারের একটি বোকা মেয়ের গল্প ছিল। প্রেম নিবেদন করার ঝুঁকি না নিয়ে মেয়েটি লিখেছে, ‘চিঠিটা পাওয়ার পর এই বোকা মেয়েটাকে খুঁজে নিয়েন। এই বোকা মেয়েটা আপনার কাঁধে মাথা রেখে শরতের চাঁদ দেখতে চায়। আপনি খুঁজে না নিলে কোনো দিনও আর আড়াল থেকে দেখব না আপনাকে। ভালোবাসি বলে কি সব দায় শুধুই আমার?’

পূর্ণ আবেগে অন্যের চিঠিকে নিজের করে নিয়েছিলেন আবৃত্তিকার। যেন নিজের কথাই বলছিলেন, ‘আপনার হাসিমুখ দেখলে বুকের ভেতরের প্রজাপতিটা উড়ে উড়ে রং ছড়ায়, জীবনটাই রঙিন হয়ে ওঠে। আমি কিন্তু ঠিকই আপনার ওই দিনের মন খারাপের কারণ বের করেছি। একটা পরীক্ষায় একটু কম নম্বর পেলে এতটা মন খারাপ করতে হয়! আপনি এত বাচ্চা কেন! বড় হবেন না? ক্লাস শেষে বারান্দায় ওভাবে আর দাঁড়াবেন না। জুনিয়র মেয়েরা নোট চাইলে বুঝি সঙ্গে সঙ্গে গলে যেতে হয়? কোনো দিন নোট হাতে বারান্দায় দেখলে সব নোট পুড়িয়ে দেব।’

হায় মানুষ! এখন আর চিঠিই লেখে না বোকা বাঙালি। রোমান হরফে এসএমএস লেখা আলসে বাঙালি।

এ প্রযোজনায় ছিল বুদ্ধদেব গুহর ‘মাধুকরী’ উপন্যাস থেকে কুর্চি ও মৃথুদার চিঠি। ছিল কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে লেখা তসলিমা নাসরিনের চিঠি, হরিশংকর জলদাসের ছোট বোন সুনন্দার চিঠি, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘না পাঠানো চিঠি’সহ আরও অনেক সংগ্রহ। নেপথ্যে যন্ত্রসংগীতের যথার্থ প্রক্ষেপণ চিঠিগুলোকে করে তুলেছিল আরও হৃদয়গ্রাহী, যা শ্রোতাকে করেছিল নস্টালজিক, আটকে রেখেছিল আসনে।

এ আয়োজনের জন্য সংগঠনকে এবং প্রযোজনা অধিকর্তা রেজীনা ওয়ালীকে অভিনন্দন। মুক্তধারার বিগত প্রযোজনাগুলোকে ছাপিয়ে গেছে এই আয়োজন। অন্তত কয়েকজন নিয়মিত শ্রোতা সে রকমই মত দিয়েছেন।