অপরাহর রান্নার বই

টক শো উপস্থাপনা করেই বেশি পরিচিত অপরাহ উইনফ্রে। এবার তিনি একটি রান্নার বই নিয়ে পাঠকদের মাঝে হাজির হচ্ছেন। বই অবশ্য তিনি এর আগেও লিখেছেন। কিন্তু রান্নার বই এবারই প্রথম।
৬২ বছর বয়সী এই মার্কিন টিভি ব্যক্তিত্ব বলেন, মানুষের জীবনকে সুন্দর করে এমন সবকিছুই মানুষকে জানাতে পছন্দ করেন তিনি। আর এই অভ্যাসটি তাঁর বেশ পুরোনো। অপরাহ যে রান্নার বইটি লিখছেন, সেখানে থাকবে ১১৫টি রেসিপি। আর প্রতিটি খাবারই স্বাস্থ্যসম্মত।
অপরাহ এই প্রসঙ্গে বলেন, ‘আমি যখনই ভালো কিছু জানতে পারি, যা আমাকে আনন্দ বা আরাম দেয় অথবা খুব সহজেই করা যায় এমন কিছু, আমি অন্যদের সঙ্গে তা ভাগাভাগি করি। কারণ, আমি মনে করি, আমি যা জানলাম, তা জেনে হয়তো অন্যরাও উপকৃত হতে পারে।’
আর এভাবেই নাকি রান্নার বইটি প্রকাশ করার কথা মাথায় আসে তাঁর। ‘ফুড, হেলথ অ্যান্ড হ্যাপিনেস : ওয়ান হানড্রেড অ্যান্ড ফিফটিন অন পয়েন্ট রেসিপিস ফর গ্রেট মিলস অ্যান্ড আ বেটার লাইফ’ শিরোনামের এই বইটি প্রকাশিত হবে ২০১৭ সালের জানুয়ারি মাসে।
এর আগে এই তারকা একটি ওজন কমানোর বই ও একটি স্মৃতিচারণামূলক বই লিখেছিলেন। আইএএনএস