অপর্ণা বা সুতপার গল্প

ট্রেনে চেপে বিরাট লটবহরসহ ভ্রমণ করা হবে আর মৃদু দুশ্চিন্তা ভিড় করবে না—তা কি হয়? এটি প্রমাণ করতেই যেন সেদিন ঢাকার রাস্তায় সৃষ্টিছাড়া যানজট। গত বছরের শেষ দিকে সুতপার ঠিকানা শুটিং দলের সিলেটে দৃশ্যধারণের জন্য যাওয়ার কথা। রাস্তায় পাক্কা দুই ঘণ্টা দেরি। অতঃপর ট্রেন মিস। এরপর সকাল গড়িয়ে বিকেল। অন্যদের মতো কপালে চিন্তার রেখা নিয়ে পরের ট্রেনে উঠেছিলেন অপর্ণা ঘোষ। পরিচালক প্রসূন রহমানসহ অন্যান্য শিল্পীও ছিলেন সে দলে।
এ নিয়ে সুতপা অর্থাৎ বাস্তবের অপর্ণার কথা শুনে নেওয়া যাক। ‘আসলে সেদিন আমাদের সিলেটে যাওয়ার সূচি ছিল এক দিনের জন্য। ফিরতি ট্রেনের টিকিট সেভাবে করে রাখা। শুটিং ইউনিটের মিউজিক, আলো, শিল্পী, প্রযোজনার মানুষ—সবাই নানা দিক থেকে স্টেশনে জড়ো হচ্ছিল। আর রাস্তায় যানজটের কারণে আমাদের কয়েকজনের আসতে একটু দেরি হয়ে যায়।’
পরিকল্পনা ছিল, পুরো দলটি সন্ধ্যায় সিলেটে পৌঁছাবে। রাতে বিশ্রাম নিয়ে ভোরে কাজ। কিন্তু ট্রেন মিস করার ফলে রাত একটায় সিলেটে পৌঁছাতে হয়। কোনোরকম মুখে জলখাবার গুঁজে ঘুমোতে যাওয়া রাত দুইটায়। এর এক ঘণ্টা পরই আবার অপর্ণার ঘরে ঠক ঠক ঠক। মেকআপ নিতে হবে। কিছুক্ষণ পরই যে শুটিং। সেখান থেকে ট্রেনে করে মৌলভীবাজারে পৌঁছানো। ট্রেনে কিছু দৃশ্য ধারণ হলেও মূল কাজটি ছিল স্টেশনে পা রাখা। এ দৃশ্য শেষ করেই আবার সিলেটে ফিরে আসা। সেখান থেকে ঢাকায়। তবে এত কিছুর পর অপর্ণা যা বললেন, তা শুধু লম্বা দীর্ঘশ্বাস হয়ে রইল, ‘দিনরাত কষ্ট করার পর শুনি, এগুলো নাকি ছিল মহড়া! নিজেদের আরও শাণিত করতেই এভাবেই পরিকল্পনা করা হয়, যা দলের বেশির ভাগ সদস্যেরই অজানা ছিল।’
সিলেট থেকে ফেরার দিন সকালে চট্টগ্রামে অপর্ণার মা দুর্ঘটনার শিকার হন। বিষয়টি অপর্ণা জানতে পারেন দুপুরে, যখন ঢাকায় ফিরেছেন। অপর্ণা বললেন, ‘আমি যখন ফিরছিলাম, মা সেদিন সকালবেলা দুর্ঘটনায় পড়েন। অবস্থা গুরুতর ছিল। বিষয়টি আগে জানলে আমি ঢাকায় না ফিরে সিলেট থেকে বিমানে করে চট্টগ্রামে যেতে পারতাম। মায়ের কাছে আরও দ্রুত পৌঁছাতে পারতাম। সে সময় টানা দৃশ্যধারণের কথা ছিল। আর তখন আমার অংশই বেশি। তাই মাকে দেখে আবার আমার ফিরে আসতে হয়। মাকে রেখে চলে আসছি, এটা আমার জন্য বেশ কষ্টের। এটা তো বটেই, আমার অভিনয়জীবনের অন্য ছবিগুলোর মধ্যে এ দিনকে আলাদা করে রাখতে হবে। সময়টা ভোলার নয়।’
সুতপার ঠিকানা ছবিতে কিশোরী, তরুণী, মাঝবয়সী, সন্তানের মা ও একজন বৃদ্ধার চরিত্রে সমান তালে অভিনয় করেছেন অপর্ণা। যেন এক পূর্ণাঙ্গ নারীচিত্র। অপর্ণার মতে, ‘সুতপার ঠিকানা এশিয়ার প্রতিটি নারীর গল্প। এর সঙ্গে যেমন আমার মিল পাওয়া যায়, তেমনি মায়েরও। আবার বাংলাদেশের অন্যান্য মেয়েও বলবে, এটি আমার গল্প।’
এতগুলো চরিত্রে অভিনয় করতে গিয়ে নিশ্চয়ই ঘাম ঝরাতে হয়েছে বেশ? ‘বৃদ্ধার চরিত্রে মেকআপের জন্য যতটা ভেবেছিলাম, ততটা ঝামেলা হয়নি। এ ছাড়া কিশোরী হওয়ার জন্য যেমন ওজন কমাতে হয়েছে, তেমনি মায়ের চরিত্রের সময়ও বাড়াতে হয়েছে। তবে কিশোরী চরিত্রটির সময়ে বেশি ধকল গেছে। শ্যামলা চেহারা ফুটিয়ে তুলতে হয়েছে। আবার কাদা পানিতে হরহামেশাই নামতে হয়েছে। ছাগল নিয়ে বেশ কয়েকবার আমাকে বেকায়দায়ও পড়তে হয়েছিল। সেটা নাহয় দর্শকেরা পর্দায় দেখবেন।’ বললেন অপর্ণা।
অপর্ণা অভিনীত মৃত্তিকা মায়া, মেঘমল্লার বা সুতপার ঠিকানা—প্রতিটি ছবিতেই কঠিন চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি। ‘মৃত্তিকা মায়ায় চরিত্র যৌনকর্মীর। সমাজের আট-দশটা মেয়ের মতো নয়। আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ পড়ে আগেই মুগ্ধ হয়েছি বলেই মেঘমল্লার করেছি। আর সুতপার ঠিকানা আমার নারীসত্তার ছবি। এগুলোতে কাজ করা বিভিন্নভাবে নিজেকে প্রমাণের জন্যই। ভবিষ্যতেও হয়তো এমনই হবে।’ বললেন অপর্ণা।
আজ সুতপার ঠিকানার প্রিমিয়ার এবং আগামীকাল সারাদেশে মুক্তি পাচ্ছে অপর্ণা ঘোষ অভিনীত এই ছবিটি।