অপর্ণার অনেক লোভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপর্ণা ঘোষ
অপর্ণা ঘোষ

‘শিল্পীদের লোভের কোনো শেষ নেই। টালিউড কেন, বলিউডেও যদি ভালো সুযোগ পাই, উড়ে আসব। সুযোগ পাওয়াটাই বড় কথা।’ বললেন ভুবন মাঝির নায়িকা অপর্ণা ঘোষ। প্রয়াত সংগীতশিল্পী ও গবেষক কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মরণে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এক অনুষ্ঠানে তিনি যোগ দিতে আসেন। গতকাল রোববার দুপুরে তিনি মুখোমুখি হন প্রথম আলোর। খোলামেলা কথাবার্তায় তাঁর অকপট স্বীকারোক্তি, ‘আমি লোভী। ভালো অভিনয়ের সুযোগ যতই পাই না কেন, খিদে মেটে না। যেখানেই ডাক পাব, ছুটে যাব।’
এখন পর্যন্ত সাতটি সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করলেও ভুবন মাঝিই তাঁর সেরা ছবি। বলছেন অপর্ণা নিজেই। বর্তমানে হাতে িতন-চারটি স্ক্রিপ্ট থাকলেও সিনেমার কাজ নেই। তবে মঞ্চ ও টেলিভিশনের নাটক সমানে চলছে। ভালো গল্পের সন্ধানে আছেন। বললেন, ‘চ্যালেঞ্জিং রোল আমার ফেবারিট। একটু স্পিড থাকবে। আর আমার চরিত্রের সঙ্গে মানানসই হলে আরও ভালো।’ বলেই একটু থামলেন।
তারপর আবার, ‘আসলে আমাকে কোন চরিত্রে মানাবে, সেটা তো পরিচালকদের ওপরই নির্ভর করে। তাঁরাই তো আমাকে ভাঙা–গড়ার আসল কারিগর।’ পরিচালকদের মধ্যে জাহিদুর রহিম অঞ্জন, গাজী রাকায়েত এবং ভুবন মাঝি–খ্যাত ফাখরুল আরিফিন খান এখন পর্যন্ত তাঁর সবচেয়ে ফেবারিট।
নিজেই জানালেন, এখনো বিয়ের বিষয়ে কিছু ঠিক হয়নি। তবে বিয়ে তিনি করবেন। ইংরেজি সাহিত্যে স্নাতক অপর্ণা আপাতত অভিনয়েই ডুব দিতে চান মন দিয়ে।