অপারেশন অস্কার
ঘেটুপুত্র কমলা অস্কারে যাচ্ছে এ বছর। এ চলচ্চিত্রের পরিচালক হুমায়ূন আহমেদ। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। আমাদের ইমপ্রেস টেলিফিল্ম চলচ্চিত্রটির নির্মাতা প্রতিষ্ঠান। এমন একটি চলচ্চিত্র, যা এবারে অস্কারে যাচ্ছে, তার সঙ্গে আমরা যুক্ত আছি, ভাবতে গর্ব লাগছে।আমাদের দেশ থেকে যেসব ছবি অস্কারে যাচ্ছে, তার ধারাবাহিকতার সঙ্গে ইমপ্রেস টেলিফিল্ম জড়িত। তার চেয়ে বড় কথা হলো, গত বছর নানা কারণে বাংলাদেশ থেকে অস্কার উৎসবে কোনো চলচ্চিত্র যায়নি। সেই সময় কথাশিল্পী-চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ তাঁর ঘেটুপুত্র কমলা তৈরি করছিলেন। ছবিটি তখন একেবারে শেষ পর্যায়ে।অসুস্থ হয়ে পড়লেন হুমায়ূন আহমেদ। গত বছরের সেপ্টেম্বরে তিনি অসুস্থ হয়ে পড়েন। বেশ চিন্তিত হয়ে পড়েন ছবিটি নিয়ে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আমাকে বললেন, ‘সাগর, আমার ছবিটি যদি বাংলাদেশ থেকে অস্কার নমিনেশন পায়, তবে খুব ভালো লাগবে।’একটা কথা হুমায়ূন আহমেদ বলতেন, ‘অস্কার পায়নি এখন পর্যন্ত ভারতের কোনো ছবি। ওখানে বিশাল ইন্ডাস্ট্রি। আমাদের স্বল্প আয়োজন। এর মধ্যেও অস্কারে আমাদের ছবিগুলো গেলে সেটাই বড় প্রাপ্তি। আমাদের বড় সম্মান। বাংলাদেশের ছবি যায়, সঙ্গে যায় বাংলাদেশের পতাকা। বাংলাদেশের আইডেনটিটি। এটা আবেগে-উচ্ছ্বাসে অস্কারের চেয়ে কম প্রাপ্তি নয়।’আমাদের দেশের সম্মানিত জুরিবোর্ড সেই হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা পাঠাচ্ছেন লস অ্যাঞ্জেলেসে। আমি জানি না, তিনি এ মুহূর্তে উপস্থিত থাকলে কীভাবে এ আনন্দ ভোগ করতেন, কীভাবে সবার সঙ্গে শেয়ার করতেন।সবাই জানেন, এর আগে হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া চলচ্চিত্রটি বাংলাদেশ থেকে অস্কার নমিনেশন পেয়েছিল।হুমায়ূন আহমেদকে যাঁরা কাছ থেকে জানেন, তাঁরা দেখেছেন, সব সময় তিনি তাঁর সৃষ্টি নিয়ে শুরুতে বেশ উদ্বিগ্ন থাকতেন। সেটা ছবি হোক, টিভি-নাটক অথবা উপন্যাস। নতুন বই বেরোলে জিজ্ঞেস করতেন, ‘তুমি আমার অমুক বইটি পড়েছ? তুমি অমুক দিন চলে এসো, ওনএয়ারের আগে একসঙ্গে বসে নাটকটা দেখব।’ এমনও দেখেছি, হুমায়ূন আহমেদের অন্য নাটকের শুটিং চলছে। শুটিং থামিয়ে দলবল নিয়ে তাঁর ওনএয়ার হওয়া অন্য নাটক দেখতে বসে গেছেন। সেভাবেই সেদিন শুনলেন, প্রেস কনফারেন্সে শ্যামল ছায়ার নাম ঘোষণায় আসতে পারে। সঙ্গে সঙ্গে আমাকে ফোন, ‘সাগর, তুমি কি নিশ্চিত, আমার শ্যামল ছায়া অস্কারে যাবে?’ বিনীতভাবে জবাব দিলাম, ‘না হুমায়ূন ভাই, জুরিবোর্ড সাধারণত যেসব ছবির সম্ভাবনা থাকে, তাদের সব নির্মাতাকে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে অনুরোধ জানায়। সেভাবেই আমরা অংশ নেব।’হুমায়ূন ভাই বললেন, ‘যদি আমার ছবিটির নাম ঘোষিত হয়, তখন? আমি ঘরে বসে কথাটা শুনব? কীভাবে? নমিনেশন না পেলেও আমি অনুষ্ঠানে হাজির থাকতে চাই।’শেরাটন হোটেলে বর্তমান রূপসী বাংলা প্রেস কনফারেন্স। হুমায়ূন আহমেদ ভীষণ জনপ্রিয় মানুষ। হোটেল, লবি, লাউঞ্জ বা যেখানেই তিনি থাকুন, কাগজের মানুষ খেয়াল করবে, ঝাঁপিয়ে ধরবে তাঁকে। বিরাট সমস্যা হয়ে যাবে। অথচ তিনি উপস্থিত থাকতে চাইছেন। কীভাবে না করব তাঁকে?চিন্তায় পড়ে গেলাম। আমার সঙ্গে অন্য দিন-এর সম্পাদক-প্রকাশক মাজহারুল ইসলামও চিন্তিত। চ্যানেল আইয়ের এক সহকর্মী মাহবুবুর রহিম বুদ্ধি দিল, ‘উপায় একটা আছে। শেরাটনের পেছন দিকে একটা গেট আছে। ওখান দিয়ে খাবার-দাবার ঢোকে। হুমায়ূন আহমেদ স্যারকে গাড়িসহ ওখানে নিয়ে রাখব, ইতিবাচক ঘোষণা পাওয়া গেলে তিনি সোজা চলে আসবেন ওখান থেকে।’মজার কথা হলো, তিনি ওই আইডিয়ায় মত দিলেন।নোংরা-আবর্জনায় যথেষ্ট দুর্গন্ধ সেখানে। হুমায়ূন আহমেদ মুখে রুমাল চেপে সেখানে অপেক্ষা করতে থাকলেন। একটু পর পর তাঁর পাশে থাকা সঙ্গী মাজহারের ফোন। ‘কোনো খবর আছে?’ জানালাম, ‘এখনো খবর নেই।’ তাঁদের গাড়িতে বসে অপেক্ষা করতে বললাম।হুমায়ূন ভাই প্রচণ্ড উত্তেজিত। গাড়িতে বসবেন না। দাঁড়িয়েই থাকবেন।দুশ্চিন্তা তখন আমাকে একটু একটু আছন্ন করেছে। যদি শ্যামল ছায়া আজ নির্বাচিত না হয়! হুমায়ূন ভাই কী ভয়াবহ হতাশা নিয়ে ঘরে ফিরবেন।যখন নির্বাচনের ঘোষণাটা এল, আমি ছুটে গেলাম তাঁকে আনতে। আমাকে আসতে দেখেই প্রচণ্ড একটা চিৎকার দিয়ে উঠলেন। সে সময় তাঁর উজ্জ্বল চোখ-মুখ দেখার দৃশ্যটা আমি জীবনেও ভুলতে পারব না।সেই উচ্ছ্বসিত মুখ-চোখ আমি ঘেটুপুত্র কমলা অস্কারে মনোনয়ন পাওয়ার ঘোষণার পরও দেখতে পাচ্ছি।ঘেটুপুত্র কমলার সংবাদ সম্মেলনের কক্ষে বসে মনে হচ্ছিল, আজ হুমায়ূন আহমেদ থাকলে কীভাবে এসে হাজির হতেন, তার একটা খসড়া তিনি নিশ্চয় করে ফেলতেন।