অপি ও ফেরদৌসের লাঠিখেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার লাঠিখেলা শিখছেন ফেরদৌস ও অপি। দেশজুড়ে লাঠিখেলাকে সমৃদ্ধ করার জন্য বছরব্যাপী এক কর্মসূচি হাতে নিয়েছে সাধনা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আর এই কর্মসূচির নাম ‘রবি চলো লাঠি খেলি’। বিভিন্ন অঞ্চলে লাঠিখেলার নানা আঙ্গিক রয়েছে। সম্প্রতি আয়োজিত এক কর্মশালায় সেগুলো উপস্থাপন করা হয়। এবার সবগুলো আঙ্গিক মিলিয়ে একটা জাতীয় রূপ দেওয়ার কাজ চলছে। আর এ কাজে যুক্ত হয়েছেন অপি ও ফেরদৌস। লাঠিখেলাকে সারা দেশে জনপ্রিয় করার জন্য এবার তাঁরা নিজেরাই আগে লাঠিখেলা শিখছেন। আগামী আগস্ট মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হবে ‘প্রশিক্ষকের প্রশিক্ষণ’। সেখানে প্রশিক্ষকদের সঙ্গে লাঠিখেলায় অংশ নেবেন এই দুই তারকা। আয়োজকদের মতে, সারা দেশে লাঠিখেলাকে জনপ্রিয় করতে ফেরদৌস ও অপির এই অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখবে।