অপি বললেন কে আমি?

‘আমি কি আসলেই বদলে গেছি?’—নিজের প্রতি প্রশ্ন ছুড়ে কেন যেন কয়েক মুহূর্ত নীরবতায় ডুব দিলেন অপি করিম। তারপর খানিক বাদে নিজের লেখা একটি কবিতা উচ্চারণ করে জানালেন প্রশ্নের উত্তরটিও—‘কী পেলাম আর কী হারালাম/ কিছুই করলাম না হিসাব/ আরশিতে যখন নিজেকে পেলাম/ নিজেই চিনতে পারলাম না—/ কে আমি, কেন এত পরিবর্তন?’ ১৫ জুন সোমবার প্রথম আলো কার্যালয়ে বসে অপি যখন তাঁর কবিতাটি আওড়াচ্ছেন, এর আগে তাঁর সঙ্গে জমে উঠেছে আমাদের আলাপ। কিন্তু আলাপের শেষ পর্বে যে মুহূর্তে তিনি বললেন, ‘আরশিতে যখন নিজেকে পেলাম, নিজেই চিনতে পারলাম না—কে আমি...’, মনে হলো, এ কি নতুন কেউ! কে বলছেন কথাগুলো—এআইইউবির (আেমরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ) প্রভাষক সৈয়দা তুহিন আরা করিম, আমাদের কাছে যাঁর পরিচয় অপি করিম, এ কি তিনিই? মনে হলো, লেখাটি তো শুরু হতে পারে এখান থেকেই।

কিন্তু না, এত ব্যক্তিগত পর্যায় থেকে শুরু হবে না লেখাটি। অপি যেহেতু মিডিয়ার মানুষ, আমরা তাই কথা বলব ‘অপি’স গ্লোয়িং চেয়ার’সহ এ তারকার নতুন কাজকর্ম নিয়ে। তবে সেখানে কি থাকবে না ব্যক্তিমানুষের আঁচ?
‘আমি তারকা নই, তারকা বিষয়টি আমার ভালোও লাগে না’—আলাপের শুরুতে এভাবে কথা বলে যেন অপিই বাতলে দিলেন সুরাহা।
রাত তখন সাড়ে দশটা। মুখোমুখি অপি ও আমরা। নিজের মুঠোফোন থেকে অপি আমাদের দেখালেন নিজের একটি হাস্যোজ্জ্বল ছবি, ‘ছবিটি প্রথম আলোতে ছাপা হয়েছিল ১৯৯৯ সালে। এ পত্রিকায় ওটাই আমার প্রথম সাক্ষাৎকার। এরপর দীর্ঘ সময় নিয়ে এ দৈনিকের সেঙ্গ শেষ কথা বলেছি ২০১০-এ। তারপরও তো কেটে গেল অনেক দিন! আমার জীবনের তিনটি ভাগ—পড়ালেখা, ব্যক্তিজীবন ও সাংস্কৃতিক জীবন। এই সময়ের মধ্যে জীবনের তিন ভাগের গ্রাফটিও হয়েছে অন্য রকম। অভিনয় কমিয়ে দিয়েছি, বেড়েছে অন্য ব্যস্ততা। আসলে একটা পর্যায়ে এসে শুটিং আমার আর ভালো লাগত না। অভিনয়ের প্রতি জন্ম নিয়েছিল নেতিবাচক বোধ।’
কথাটি শুনে খানিকটা চমকেছি ততক্ষণে।
অপি এবার বললেন সবিস্তারে, ‘আমি পর্দায় অভিনয় করি—হাসি, কাঁদি। তো, ব্যক্তিগত কোনো ঘটনায় দুঃখ পেয়ে হয়তো সত্যি সত্যিই কাঁদলাম। তা দেখে আমার নিকটজন কেউ হয়তো বলল, অ্যাক্টিং করিস না তো। বিষয়টি আমাকে ধাক্কা দিয়েছে। মনে হয়েছে, চোখের পানির কোনো মূল্য থাকছে না।’
সম্প্রতি গাজী টিভিতে ‘অপি’স গ্লোয়িং চেয়ার’ নামে একটি টক শোর বদৌলতে নিয়মিতভাবে আবার পর্দায় ফিরেছেন তিনি। অপিও বিনাবাক্যে কবুল করলেন বিষয়টি, ‘হ্যাঁ। আমি কেন নিয়মিত পর্দায় নেই—জানতে চান অনেকেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের চাকরি, নিজের কাজ—সব মিলিয়ে ঠিকঠাকভাবে অভিনয় করার জন্য আমার হাতে বাড়তি কোনো সময় থাকে না। তাই মনে হলো, এ কাজের মাধ্যমে দর্শক তো নিয়মিত আমাকে টিভি পর্দায় দেখতে পাবেন। এখানে একসঙ্গে ২৪ পর্বের কাজ করেছি। তাই অত বেশি সময় লাগেনি। আর অনুষ্ঠানের প্রযোজক শাহরিয়ার শাকিল দীর্ঘদিন ধরে লেগে ছিলেন। অনুষ্ঠানটি করে ভালো লেগেছে। প্রতি শুক্রবার রাত সাড়ে নয়টায় প্রচারিত হচ্ছে এটি।’
তবে অনুষ্ঠান নিয়ে অপি কিছুটা খুঁতখুঁতে, ‘অনুষ্ঠানটি দেখার পর দর্শক হয়তো আমার সাজ, পোশাক আর প্রশ্ন নিয়ে সমালোচনা করতে পারেন। এই ২৪ পর্বে আমাকে দেখা যাবে ভারী সাজ ওয়েস্টার্ন পোশাকে। সচরাচর দর্শক তো আমাকে এ রূপে দেখতে অভ্যস্ত নন। আর এ অনুষ্ঠানের অতিথিদের আমি প্রশ্নও করেছি একটু ভিন্নভাবে...না, বিস্তারিত এখনই বলব না।’ কথাগুলো বলে একটু দম নিলেন অপি। পরক্ষণেই তাঁর গলায় আফসোস, ‘অনুষ্ঠানের গবেষণাটা আরেকটু জুতসই হলে আরও ভালো লাগত।’
অপি কি আর অভিনয় করছেন না?
‘করছি তো। তবে খুব কম। সময় পাই না। নাটকের ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে আমরা অনেক দূর এগোলেও ভালো গল্পের খুব সংকট। এর মধ্যে পুরাঘটিত বর্তমান, পিছুটান—এ নাটকগুলো করে খুব ভালো লেগেছে। আর কয়েক দিন আগে এ শহর মাধবীলতার নয় নামে একটি নাটক করেছি। সামনের ঈদে বোধ হয় দেখানো হবে। এ কাজটি করেও তৃপ্তি পেয়েছি।’
কথায় কথায় আমাদের আড্ডায় নানা রূপে হাজির অপি করিম। মা-বাবার আদরের এই মেয়েটি শিক্ষক হিসেবে কিন্তু অন্য রকম, ছাত্রছাত্রীদের কাছে তাঁর চেহারাটা ‘ভীষণ রাগী রাগী’। বললেন, ‘যাকে ভালোবাসা যায়, স্নেহ করা যায়—তার সঙ্গেই তো রাগারাগি, কি বলেন?’
না, এ আড্ডায় কিছুই বলব না আমরা। বলবেন অপিই। আর সেই কথাগুলো শুনতে শুনতে আমরা যখন চিনে নেব এক বদলে যাওয়া, হার না-মানা মানুষকে। আমাদের মনে পড়বে, অপির কথাটি, ‘কে আমি?’
‘কে আমি?’—নিজেকে এ প্রশ্নটি তো একজন চিন্তাশীল মানুষই করতে পারেন, তাই না!