অপির জায়গায় নায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক নাট্য সম্প্রদায়ের অপেক্ষমাণ নাটকটির আরও একটি প্রদর্শনী হলো গতকাল বুধবার সন্ধ্যায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজিত এ প্রদর্শনীতে অপি করিমের পরিবর্তে অভিনয় করেছেন নায়লা তারান্নুম। গত সপ্তাহে উচ্চতর পড়াশোনার জন্য জার্মানি গিয়েছেন অপি করিম। নাটকটির নির্দেশক এবং অভিনয়শিল্পী আতাউর রহমান জানান, মিসরের কায়রোতে আয়োজিত ২২তম আন্তর্জাতিক নিরীক্ষাধর্মী নাট্যোৎসবে অংশ নিচ্ছে নাগরিক নাট্য সম্প্রদায়ের অপেক্ষমাণ। উৎসবে যোগ দেওয়ার আগে গতকালের প্রদর্শনীটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ অপি দেশের বাইরে থাকায় তাঁর জায়গায় নায়লাকে নেওয়া হয়েছে। নাটকটিতে গতকালই তিনি প্রথম অভিনয় করেছেন।আন্তর্জাতিক নিরীক্ষাধর্মী নাট্যোৎসবে সরকারিভাবে যাচ্ছে নাট্যকেন্দ্রের নাটক আরজ চরিতামৃত। আর নাগরিক নাট্য সম্প্রদায়ের অপেক্ষমাণ নাটকটিকে বেসরকারিভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। কায়রোতে আগামী ১০ থেকে ২০ অক্টোবর এ উৎসব অনুষ্ঠিত হবে।