অপু-ইন্দ্রনীল একসঙ্গে

সম্রাট ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। খবরটি পুরোনো। তবে খবরটি দেওয়ার সময় ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ছবিতে একটি চমকের কথা জানিয়েছিলেন। সেই চমকের খবরটি এবার ফাঁস করলেন তিনি। সম্রাট ছবিতে যুক্ত হচ্ছেন ভারতের ইন্দ্রনীল সেনগুপ্তও। ছবিতে ইন্দ্রনীলের চরিত্রের নাম রাজা। দুজনের বিপরীতে থাকছেন অপু বিশ্বাস।
এ ব্যাপারে যখন ইন্দ্রনীলের সঙ্গে যোগাযোগ করা হয়, তখন তিনি কলকাতার নারায়ণ স্টুডিওতে অয়ন চক্রবর্তীর ষড়রিপু ছবির শুটিং করছিলেন। লোকেশন থেকে মুঠোফোনে ইন্দ্রনীল বললেন, ‘সম্রাট ছবিতে আমি চুক্তিবদ্ধ হয়েছি। গল্প শুনে চরিত্রটি ভালো লেগেছে। আমার সঙ্গে বাংলাদেশের দুজন জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাস কাজ করবেন। আমি রোমাঞ্চিত।’
ইন্দ্রনীল জানান, ছবির তাঁর অংশের কাজ মধ্য জুন থেকে শুরু হওয়ার কথা।
ইন্দ্রনীলের বিপরীতে অভিনয়ের ব্যাপারে অপু বিশ্বাস নিজেও রোমাঞ্চিত। অপু বিশ্বাস বলেন, ‘অনেক দিন পর শাকিব খানের পাশাপাশি অন্য নায়কের সঙ্গেও কাজ করব। খুবই ভালো লাগছে।’
ইন্দ্রনীল এর আগে বাংলাদেশে চোরাবালি ছবিতে জয়া আহসানের বিপরীতে কাজ করেছিলেন। সম্রাট ছবির পরিচালক রাজ জানান, দেশ-বিদেশের তিন মাফিয়ার গল্প নিয়ে ছবির কাহিনি। আগামী মাসের মাঝামাঝিতে এফডিসিতে ছবির শুটিং শুরু হবে।