অপু-দুর্গা পুড়ে যাওয়ার পর...

কখনো সত্যজিতের ছবি না দেখাটা কখনো চাঁদ-সূর্য না দেখে থাকার মতো
—আকিরা কুরোসাওয়া, জাপানি সিনেমাগুরু
পুড়ে যাচ্ছে অপু-দুর্গা। পুড়ছে সর্বজয়া-ইন্দির ঠাকুরন। পুড়ছে দাউ দাউ। ভয়ানক একটা আগুনই লেগেছিল লন্ডনে। সেই আগুনে সত্যি সত্যি পুড়েছিল আমাদের ভালোবাসার চরিত্র অপু-দুর্গা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি আর সত্যজিৎ রায়ের নির্মাণ। দুয়ে মিলে অসামান্য পথের পাঁচালী। সিনেমায় বাঙালির সেরা অর্জনের মূল নেগেটিভ সংরক্ষিত ছিল লন্ডনের হেন্ডারসন ল্যাবে। সেখানে আগুনে লেগে পুড়ে যায় এই অমূল্য রতন। ঘটনা ১৯৯৩ সালের।

হয়তো এভাবেই নেই হয়ে যেত সব। কিন্তু এগিয়ে এল একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। পুড়ে যাওয়া সেসব ফিল্ম উড়িয়ে নিয়ে আসা হলো মার্কিন মুলুকে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বসলেন একসঙ্গে। কারণ, এই ছবি সত্যজিৎ রায়ের ছবি। সম্মানসূচক অস্কারজয়ী (১৯৯২) বা কিংবদন্তিতুল্য নির্মাতা বললেও যাঁর প্রতি ঠিক সুবিচার হয় না। বয়সের ছাপ তো ছিলই ছবির ফিল্মে। দুমড়েমুচড়ে গিয়েছিল অনেক জায়গা। ছিল পোড়া দাগ। পুড়ে প্রায় গলে গিয়েছিল অনেক নেগেটিভ। কীভাবে সম্ভব এই মৃতপ্রায় ছবিকে আবার জীবন্ত করে তোলা? অতি দুরূহ জেনেও একাডেমি এই কাজটাকে নিল এক পবিত্র দায়িত্ব হিসেবে। সঙ্গে যোগ দিল ক্রাইটেরিয়ন কালেকশন। পুরোনো ছবিকে নতুনভাবে বাঁচিয়ে তোলার কাজে অভিজ্ঞ তারা। কিন্তু সেই অভিজ্ঞতা যথেষ্ট ছিল না এই দুরূহ কাজের জন্য।
‘প্রথম ক্যানটা খুলেই আমরা সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেলেছিলাম। মনে হচ্ছিল না ওটা থেকে কিছু উদ্ধার করতে পারব আমরা,’ বলছিলেন ক্রাইটেরিয়ন কালেকশনের কারিগরি বিভাগের পরিচালক লি ক্লাইন। ক্ষতিগ্রস্ত ছবি আবারও ঠিকঠাক করে তোলার কাজটা শুধু সময়সাপেক্ষ নয়, ব্যয়বহুলও। হাজার হাজার ঘণ্টার পরিশ্রম করলেন একদল নিরলস কর্মী। পরিশ্রমে আর আন্তরিকতায় কী না হয়। তারপর আস্তে আস্তে অপু ত্রয়ী ফিরে পেতে শুরু করল সাদা-কালো ঝকমকে চেহারা। পুড়ে যাওয়ার পর সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফিরে পেল আগের চেহারা।
বিশ্ব সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল আর অবিস্মরণীয় এই কাজকে স্মরণীয় করে রাখতে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তৈরি করেছে একটি তথ্যচিত্র। সেটি এখন ইচ্ছা করলেই যে-কেউ দেখে নিতে পারেন অনলাইনে। উপমহাদেশের সিনেমা ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়কে প্রযুক্তির সহায়তায় ফিরিয়ে আনার এই প্রচেষ্টা আবেগে অভিভূত করবে যেকোনো সিনেমাপ্রেমীকে।