অপু বললেন আই লাভ ইউ, সাগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার। ১২ মার্চের উত্তাপ যেন এসে এফডিসিতেও পড়েছে। হাতেগোনা কয়েকজন মানুষ সেখানে। বসন্ত-বাতাসে গাছের শুকনো পাতা পড়ছে যত্রতত্র। এ সময় ৪ নম্বর ফ্লোরের সামনে এসে দাঁড়াল লাল রঙের ভক্সি গাড়ি। গাড়ি থেকে নাইন শ্যুটার নিয়ে নামলেন একজন দেহরক্ষী। তারপর শাকিব খান নামলেন। তিনি মেকআপ রুমে ঢুকেই আগে বন্ধ করলেন এয়ারকুলার। জানালেন ঠান্ডা লেগেছে। রূপসজ্জায় বসেছেন মাত্র, এর মধ্যে লাইন ধরে লোকজনের আগমন। ‘ভাই, অভিনন্দন, সুপারহিট ছবি উপহার দিলেন এ জন্য।’ কেউ বলছেন, ‘ভাই, এমন ছবি আরও করেন।’ এভাবেই শাকিব খানের যেন সময় কেটে যায়। শুটিংয়ে চলে গেলেন তিনি। আগে আগে দেহরক্ষী। হাতে নাইন শ্যুটার।শুটিং স্পটে পৌঁছালেন তিনি।একটি মাইক্রোবাসের ওপর ছয়জন সন্ত্রাসী। একজন করে সন্ত্রাসীকে মারছেন ছবির নায়ক আর একজন উড়ে উড়ে গিয়ে পড়ছেন। কিন্তু তাঁরা শূন্যের মধ্যে পড়েন কী করে?প্রশ্নটি যে কারও মনে আসা স্বাভাবিক। ওপর থেকে ক্রেনের মাধ্যমে চিকন তার দিয়ে টেনে নেওয়া হচ্ছে একেকজনকে। আর তাঁরা গিয়ে পড়ছেন মাটিতে বিছানো ফোমের ওপর। পর্দায় অবশ্য এভাবে কিছু দেখা যাবে না। দেখা যাবে, তাঁরা মাটিতে পড়ে কাতরাচ্ছেন।এভাবেই পরিচালক বদিউল আলম খোকন তাঁর মাই নেম ইজ খান ছবির শুটিং করছিলেন এফডিসির ক্যানটিনের মাঠে। সেখান থেকে পরিচালক শুটিং ইউনিট নিয়ে চলে গেলেন নাজির আহমেদ সাউন্ড কমপ্লেক্সে। পোশাক পরিবর্তন করে এলেন শাকিব ও অপু। শাকিব পথ চলছেন, হঠাৎই অপু এসে শাকিবের পথ আগলে ধরলেন। শাকিবকে বললেন, ‘সাগর, আমার কথা শোনো। আই লাভ ইউ, সাগর।’ শাকিবের কাছে কথাটি উপহাসের মতো মনে হলো। অপুর আকুতি যেন বেড়ে গেল। বললেন, ‘বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি।’ পরিচালক ক্যামেরা থামিয়ে দিলেন। বললেন, মধ্যাহ্নভোজের বিরতি। শাকিব ও অপু দুজনই দুটি রূপসজ্জাকক্ষে চলে গেলেন। সেখানে পোশাক পাল্টে খাওয়া-দাওয়ার মহা আয়োজন। নানা পদের তরকারি। কয়েক রকমের সবজি আর ভর্তা দিয়ে খাবারের মহা উৎসব।এরপর আবার শুটিং। এফডিসির ৪ নম্বর ফ্লোরে একটি খাঁচায় ঢোকানো হলো শাকিবকে। সেখানে চলল মারামারি। প্রথমে শাকিব খাঁচায় ঢুকলেন এবং এরপর সেই খাঁচা ভেঙে বেরিয়ে এলেন। উদ্ধার করলেন নায়িকাকে।মারপিট পরিচালক আরমানের নির্দেশনায় এ দৃশ্য ধারণ করলেন ক্যামেরাম্যান আসাদুজ্জামান মজনু।