অপু বিশ্বাসের 'মিশন লন্ডন'

মাঝে দেড় বছর চলচ্চিত্রের সব ধরনের শুটিং থেকে দূরে ছিলেন ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বিরতির পর চলচ্চিত্রে ফিরে দারুণভাবে ব্যস্ত হয়ে পড়ছেন তিনি। এ মুহূর্তে অপুর হাতে রয়েছে বেশ কয়েকটি নতুন ছবির কাজ। দুটি ছবির শুটিং করতে ১২ মে প্রথমবারের মতো লন্ডন যাচ্ছেন অপু। ছবিগুলো হচ্ছে ‘হিরো-দ্য সুপারস্টার’ ও ‘রাজা হ্যান্ডসাম’। প্রথম ছবিটির প্রযোজক শাকিব খান আর দুটি ছবিরই পরিচালক বদিউল আলম খোকন। দুটি ছবিতেই অপুর সহশিল্পী শাকিব খান।
এ প্রসঙ্গে অপু বলেন, ‘ছবির শুটিংয়ে এর আগে মালয়েশিয়া ও ব্যাংককে গিয়েছি। এবারই প্রথম লন্ডন যাচ্ছি। দুটি ছবির শুটিংয়ের জন্য ১২ মে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে ছবি দুটির গানের দৃশ্যের পাশাপাশি বেশ কয়েকটি দৃশ্যের শুটিং করা হবে।’
অপু আরও বলেন, ‘দীর্ঘ বিরতির পর আমি আবার ছবিতে নিয়মিত হলাম। অনেক বুঝে-শুনে এখন ছবিতে কাজ করছি। যেসব ছবিতে কাজ করছি, সেই সব ছবির গল্প যেমন ভালো, বাজেটও থাকছে অনেক বেশি। এ ছাড়া ছবির লোকেশনেও বৈচিত্র্য রাখা হচ্ছে। আর তারই প্রক্রিয়া হিসেবে আমরা দুটি ছবি নিয়ে লন্ডন যাচ্ছি। আশা করছি, দর্শকেরা আমার নতুন ছবিগুলোতে অনেক নতুনত্ব পাবেন।’
৯ মে মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত নতুন চলচ্চিত্র ‘ভালোবাসা এক্সপ্রেস’। সাফিউদ্দিন সাফি পরিচালিত ছবিটির নাম শুরুতে ছিল ‘রেড-দ্য কালার অব লাভ’। ছবিটিতে অপুর সহশিল্পী শাকিব।
অপু বিশ্বাস সম্প্রতি শেষ হওয়া মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে নাচে অংশ নিয়েছিলেন। নায়ক রাজ রাজ্জাকের সম্মানে আয়োজিত ওই নাচে অপুর সঙ্গে আরও ছিলেন ফেরদৌস ও রিয়াজ।