অপুকে বাঁচাতে মরিয়া শাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফডিসিতে ঢুকতেই তিনটি গুলির শব্দ। শব্দ শুনে ভয়ে কাকের পাল কা কা শব্দে উড়াল দিল। এফডিসিতে বেড়াতে আসা দর্শনার্থীরা একটু ভীত হলেন। নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত কর্মীরা অভয় দিয়ে বললেন, ‘ভয়ের কিচ্ছু নাই। ওই হানে শুটিং হইতাছে তো। গুলির শব্দ ঠিকই, তয় এইগুলা নকল গুলি।’ক্যামেরা অ্যাসোসিয়েশনের খোলা মাঠে শাকিব খান। তাঁর বুকে গুলি লেগেছে। শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা হয়েছে। তাঁর ভালোবাসার মানুষ অপু বিশ্বাসের কপাল ও হাতে ব্যান্ডেজ বাঁধা। মারপিট পরিচালক চুন্নু হাঁক ছাড়লেন, ‘ভাই (শাকিবের উদ্দেশে) ক্যামেরা রেডি।’ পরিচালক রাকিবুল ইসলাম ক্যামেরার সামনে নিয়ে এলেন মিশা সওদাগরকে। মিশার সঙ্গে তাঁর সাঙ্গপাঙ্গ। শাকিব আক্রমণ করেছেন তাঁদের। মিশা শাকিবকে আক্রমণ করছেন, কিন্তু চিত্রনাট্যের প্রয়োজনেই বারবার মিশা পরাজিত হয়ে চলেছেন। ওদিকে অপুকে আঘাত করতে চায় মিশার দল। কিন্তু শাকিব অপুকে বাঁচাতে মরিয়া।চলচ্চিত্রের নাম জান তুমি প্রাণ তুমি। পরিচালক জানালেন, ওই দিনই এ ছবির কাজ শেষ করা হবে। ছবির শেষ দৃশ্য এটি। এখান থেকে বেরিয়ে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে ঢুকতেই দেখা গেল ‘জহুরী মহল্লা’ নামের একটি বিশাল সাইনবোর্ড। ভেতরে একটি কমিউনিটি সেন্টার করেছেন পরিচালক শাহাদাত হোসেন লিটন। তোমার আমার প্রেমের বাঁধন ছবির শুটিং করবেন তিনি। এখানেও মারামারির দৃশ্য। কিন্তু কাজ তো শুরু হচ্ছে না। নায়ক শাকিব খান অন্য একটি ছবির শুটিং করছেন। তিনি এলেই শুটিং শুরু হবে।প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি সোহেল রানা ভেতরে বসে আছেন। জানতে চাইলাম, এই শিল্পের রুগ্ণতা দূর হবে কি?তিনি আত্মবিশ্বাসী, ‘মাঝে খরা ছিল। কিন্তু এখন আমরা সেই মন্দাভাব কাটিয়ে উঠছি। আমাদের এখন আবার নতুন করে সবকিছু শুরু করতে হয়েছে। এফডিসির উন্নয়নে টাকা বরাদ্দ হচ্ছে। আমরা নতুন করে ভালো কিছু করতে নিজেদের সংগঠিত করছি।’