অপুর এখনো শাকিব...

বছর চারেক আগে অপু বিশ্বাস অভিনীত গরিবের ছেলে বড়লোকের মেয়ে ছবিটি মুক্তি পায়। ছবিতে অপুর বিপরীতে ছিলেন মারুফ। এর পর থেকে অপুর সব ছবিরই নায়ক শাকিব খান! এবার আরও তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন অপু বিশ্বাস। ওয়াজেদ আলী সুমনের শ্যুটার, জাকির হোসেন রাজুর মনের মতো মানুষ পাইলাম না ও মনতাজুর রহমান আকবর পরিচালিত নাম ঠিক না হওয়া একটি ছবি। এই তিন ছবির নায়কও শাকিব খান। শাকিবের সঙ্গে জুটি বাঁধার বিষয়ে অপু বলেন, ‘চলচ্চিত্রে আমাদের দুজনের রসায়ন খুব ভালো। দর্শকেরাও ছবিতে আমাদের একসঙ্গে দেখতে চায়। সেই চাহিদা থেকেই আমরা দীর্ঘদিন জুটি হিসেবে একসঙ্গে কাজ করে যাচ্ছি।’
শুধু কি দর্শক-চাহিদা? এ প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘অন্য অভিনেতার সঙ্গে কাজের ক্ষেত্রে বোঝাপড়াটা শাকিবের মতো হয় না, এটাও একটা কারণ।’
অপু জানান, নতুন তিনটি ছবির কাজ আগামী ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হতে পারে। এখন কাজ চলছে অপু-শাকিব জুটির মাই ডার্লিং ছবির।