অপুর ব্যায়ামাগার

এবার ব্যায়ামাগার ব্যবসায় নিজেকে যুক্ত করলেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় তারকা অপু বিশ্বাস। শুধু মেয়েদের শরীরচর্চার সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যায়ামাগার তৈরি করেছেন তিনি। নাম দিয়েছেন ‘এপিএস লেডিস ফিটনেস ক্লাব’। ঠিকানা গুলশান নিকেতনের ব্লক-এ, সড়ক-২, বাসা-৭২।
অপু বিশ্বাস বলেন, ‘নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত ব্যায়াম করি। আগে গুলশানের একটা ব্যায়ামাগারে যাওয়া হতো। কিন্তু ওখানে সময় বেঁধে দেওয়ার কারণে আমার শুটিং শিডিউল নিয়ে সমস্য হতো। তখন নিজেই একটা ব্যায়ামাগার গড়ার সিদ্ধান্ত নিই। এ ছাড়া এখানে শুধু মেয়েদের জন্য আলাদা করে ব্যায়ামাগারের সংখ্যা হাতে গোনা। এই দিকটাও আমার মাথায় ছিল।’
অপু জানান, গোড়ার দিকে নিজের জন্য ছোট পরিসরে ব্যায়ামাগারটির শুরু করেছিলেন তিনি। তবে এখন এর পরিসর বেড়েছে।
অপু বলেন, ‘এই ব্যায়ামাগারের সদস্য ক্রমেই বাড়ছে। আমি এখন পুরোপুরি ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে এটিকে দাঁড় করানোর পরিকল্পনা করছি।’