অপুর ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢালিউডে অপু বিশ্বাসের পথচলা অনেক দিন। এর মধ্যে চলচ্চিত্রে নিজের মতো একটি স্থানও করে নিয়েছেন বগুড়ার এই মেয়ে। তবে সিনেমা জগতে অপুর ভুবন কি শুধুই রঙিন, সেখানে কি নেই সাদাকালোর ছোপ? চলুন ঘুরে আসা যাক চিত্রনায়িকা অপু বিশ্বাসের নিজস্ব ভুবন থেকে নিয়মিত সিনেমা দেখেন? এফডিসির চার নম্বর স্টুডিওর মেকআপ রুমে বসে প্রথমে এই প্রশ্নই করি। চলচ্চিত্র নিয়েই তাঁর কাজ, এ ধরনের প্রশ্ন শুনতে প্রস্তুত না থাকলেও স্বাভাবিকভাবেই নিলেন অপু বিশ্বাস। সোজাসুজিই বললেন, ‘হ্যাঁ দেখি। আমি সিনেমার মানুষ আর সিনেমা দেখব না, তা কি হয়!’কী ধরনের ছবি দেখেন? ‘শুটিংয়ের অবসরে নতুন নতুন মুক্তি পাওয়া সব সিনেমাই দেখা হয়—বাংলা, হিন্দি, তামিল, ইংরেজি—সব ছবিই দেখি।’ এই যে নিয়মিতই সিনেমা দেখেন, দেখার সময় কোন বিষয়টি মাথায় নিয়ে দেখতে বসেন? উত্তরটা দিতে একটু সময় নিলেন। মাথা নিচু করে ভাবলেন। মেকআপ রুমে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে স্থির রাখলেন চোখ। এরপর বললেন, ‘অভিনয়শিল্পীদের কাজ, তাঁদের মেকআপ, কারিগরি দিকটাও খেয়াল করি। আমরা কতটুকু পারছি কিংবা ওদের চলচ্চিত্র কীভাবে এগিয়ে যাচ্ছে—এসব দেখি, আমাদের সিনেমার সঙ্গে তুলনা করার চেষ্টা করি।’দীর্ঘ পাঁচ বছর ধরে ঢাকার চলচ্চিত্রে বেশ দাপটের সঙ্গেই অভিনয় করছেন অপু। চলচ্চিত্রের এ পথে কার আদর্শ ধারণ করে এগিয়েছেন তিনি? প্রশ্নটি শুনে অপু একটু পুলকিতই হলেন। বললেন, ‘এ জন্য আমাকে এখন ফিরে যেতে হবে শৈশবে।’ কেন? ‘শুরুটা তো ওখানেই। খুব ছোটবেলার কথা। তখন বগুড়াতে থাকি। সময়টা মনে নেই। কাকার হাত ধরে আমরা সবাই রাজ্জাক-কবরী জুটির ময়নামতি সিনেমাটি দেখতে গিয়েছিলাম। আমার মা এই জুটিকে খুবই পছন্দ করতেন। তখন থেকেই আমি কবরীর ভক্ত হয়ে যাই।’ জীবনে প্রথম সিনেমা কি ওটাই ছিল? ‘হ্যাঁ। কবরী আমার কাছে চলচ্চিত্রের আকাশে উজ্জ্বল নক্ষত্র’, বললেন অপু। আর দেশের বাইরে? চটজলদি উত্তর তাঁর, ‘বলিউডের কাজল। প্রথম দেখা তাঁর সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখে তাঁর ভক্ত হয়েছি। তা ওই ছোটবেলাতেই। আমরা পরিবারের সবাই মিলে পিকনিকে গিয়ে ছবিটি দেখেছিলাম। এ ছাড়া কাভি খুশি কাভি গাম, কুছ কুছ হোতা হ্যায়সহ তাঁর অসংখ্য ছবি দেখেছি। কাজলের করা সার্ফ এক্সেলের বিজ্ঞাপনটা টেলিভিশনে ভেসে উঠলে পর্দায় চোখ আটকে যায়।’ আপনি বলছিলেন, ‘সিনেমা দেখতে বসে আমাদের সিনেমার সঙ্গে বাইরের দেশের সিনেমা তুলনা করার চেষ্টা করি।’ তো মানের দিক থেকে আমাদের চলচ্চিত্রের এই তুলনায় কী দেখতে পান? এ প্রশ্নটি করি। ‘আমার মনে হয় আমরা একটু পিছিয়ে পড়েছি। এখন অনেক মেধাবী মানুষ দরকার। ভালো পাণ্ডুলিপি, পরিচালক, কারিগরি দিক এমনকি অভিনয়টাও রপ্ত করা। ভালো অভিনয়শিল্পীর অভাব। সেই সঙ্গে মেকআপ, গেটআপ সবই লাগবে।’ বললেন অপু। আরো বললেন, ‘‘বলিউডে পা ছবিতে ৭০ বছরের অমিতাভকে ১২ বছরের কিশোর বানিয়ে দিয়েছেন পরিচালক। এটা কি ভাবা যায়? বডিগার্ড ছবিটি মনে দাগ কেটে যায়। সারা জীবনের স্বপ্ন থেকে যাবে এ ধরনের একটা ছবিতে অভিনয় করার। আর আমাদের চলচ্চিত্রের অবস্থা কী জানেন? সিনেমা হলে বসে কিছুক্ষণ ছবিটি দেখলেই বলে দেওয়া যায়, গল্পের পরিণতি কী হবে।’ কিন্তু এখন নতুনদের মধ্যে বিশেষ করে শখ, তিন্নী, মীমসহ অনেকেই বাণিজ্যিক চলচ্চিত্রে আসছেন। নতুনদের আগমনকে আপনি কীভাবে দেখছেন? তাঁর কথার সূত্র ধরে আরেকটি প্রশ্ন। উত্তরে অপু বলে যান, ‘নতুনেরা আসবে—এটাই স্বাভাবিক। চলচ্চিত্র একটা ধারাবাহিক ব্যাপার। পুরোনোরা যাবেন নতুনেরা আসবেন। এভাবে নতুন-পুরোনোর খেলা চলতেই থাকবে। নতুনেরা এসে ভালো কাজ করবেন। আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে।’নতুনদের ভিড়ে নিজের জায়গা নিয়ে কি আপনি চিন্তিত? ‘দেখুন, আমি নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কাজ, চলচ্চিত্রকে। যখন যে ছবিটি করি তখন অনুভব করি, এটা সবচেয়ে সুন্দর কাজ এবং আমার শেষ কাজ। কাজের মূল্যায়ন দর্শক যত দিন করবেন, কাজ দিয়ে দর্শক যত দিন মনে রাখবেন, তত দিন আমার জায়গা কেউ নিতে পারবে না। যার যার অবস্থান তার তার কাছে। এটাই বড় কথা।’ চলচ্চিত্রের জীবনে পেছনে ফিরে তাকালে কী দেখতে পান? ‘এই অল্প সময়ে অনেক পেয়েছি আমি—যশ, সম্মান, খ্যাতি। কিন্তু আমি মনে হয় কিছুই দিতে পারিনি।’ বিয়ের সাজে মেকআপ নিচ্ছেন অপু। সঙ্গে চলছে কথার পিঠে কথা। এর মধ্যে পরিচালক দৃশ্য ধারণের তাগিদ দিয়ে গেলেন। অপু বললেন, ‘শান্তি নেই। সময় নিয়ে যে কথা বলব, তাও পারছি না। দেখলেন, পরিচালক সাহেব তাড়া দিচ্ছেন।’ তো এ ব্যস্ততা আর কী কী কাজ নিয়ে, শুনি? এবার সেই ফিরিস্তি দিলেন অপু। বললেন, ‘মাই নেম ইজ খান-এর শুটিং করে সবেমাত্র ব্যাংকক থেকে ফিরলাম। মনের ঠিকানা, দুই পৃথিবীর শুটিংয়ের কাজ চলছে। এ দুটি ছবির কিছু কাজ মালয়েশিয়াতে হবে। কয়েক দিনের মধ্যে যাব। এ ছাড়া নতুন আরও তিনটি ছবির কথাবার্তা চূড়ান্ত হয়েছে।’ বলেই অপুও ওঠার তাগিদ দিলেন। জানা গেল কিছুক্ষণ পরেই মনের ঠিকানা ছবিতে তাঁর বিয়ের দৃশ্য ধারণ হবে। এফডিসির চার নম্বর স্টুডিও বিয়েবাড়ির সাজে সেজেছে। তাই পরিবেশ-পরিস্থিতির সুযোগে তাঁকে শেষ প্রশ্নটা করা সহজই হয়ে গেল। সিনেমার বিয়ের বাজনা ছাপিয়ে বাস্তব জীবনে বিয়ের বাজনা কবে বাজবে? খানিক হাসলেন অপু। ‘আপাতত ও পথ না। আগেও না, পিছেও না এতটুকুই বলব।’ বললেন তিনি। তখনো তাঁর হাসি থামেনি। বিয়েবাড়ির উদ্দেশে মেকআপ রুম ছাড়লেন। সাজ সাজ রবের মধ্যে মিলিয়ে গেল সেই হাসি। সময়ের চাকায় অপুর আরেক জীবনের গল্প শুরু হবে হয়তো এখান থেকেই। সেটা সিনেমা কিংবা বাস্তব জীবনের।