অপুর সঙ্গে কথোপকথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাত। মুঠোফোনে নম্বর ডায়াল করে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না উত্তরের জন্য। কান্নাজড়িত কণ্ঠ। ‘হ্যালো, ভাইয়া!’ গলা ধরে এসেছে তাঁর। কী সমস্যা—জানতে চাই? এবার যেন আর কান্না ধরে রাখতে পারলেন না অপু বিশ্বাস। ‘আমাকে ভুল বুঝেছে ও (শাকিব)। মিথ্যা অভিযোগ এনেছে আমার বিরুদ্ধে। আমি কোনো কিছুই করিনি।’ ঘটনাটি ৬ আগস্টের। হঠাৎ করেই সাংবাদিকদের ডেকে শাকিব খান ঘোষণা দিয়ে বসলেন, তিনি আর অপু বিশ্বাসের সঙ্গে কাজ করবেন না। অপুর বিরুদ্ধে অনেক অভিযোগ করলেন তিনি। শাকিবের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফোন করা হয় অপুকে। তখন কান্নাজড়িত কণ্ঠে নিজের কষ্টের কথাগুলো বলেন অপু।অবশ্য ঘটনার তিন দিন পরই মত পাল্টান শাকিব। তিনি জানান, শাকিব-অপু জুটি ভেঙে দেওয়ার জন্য একটি পক্ষ এই ষড়যন্ত্র করেছিল। কিন্তু তিনি সেটা প্রথম বুঝতে পারেন নি। তবে সমালোচকেরা বলছেন অন্য কথা। তাঁদের মতে, পুরোটাই একটা সাজানো নাটক। কারও কারও মতে, সামনের ঈদে তাঁদের একাধিক ছবি মুক্তি পাবে, এগুলোকে আলোচনায় আনাটাই ছিল বড় লক্ষ্য। আসলেই কি তাই? অপুর কাছে খোলাসা হতে চাই।‘শাকিব কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল, এটা ও-ই ভালো বলতে পারবে। আমি নই। আর এ ধরনের নাটক করলে যে নিজেদের ইমেজ নষ্ট হয়ে যেত, সেটা আমি জানি। আর জেনেশুনে কি আমি আমার ইমেজ নষ্ট করব?’ অপুর সরল স্বীকারোক্তি। শাকিব-অপু দীর্ঘদিন থেকে কাজ করছেন একসঙ্গে। তার পরও প্রায়ই তাঁদের নিয়ে এত ঘটনা ঘটছে কেন?প্রশ্ন শুনে কিছুক্ষন চুপচাপ অপু। এই সময় মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু সময় পর অপু নিজেই ফোন করলেন।‘বারবার এমন ঘটনা আসলেই বিব্রতকর। আমার জন্যও যেমন ভালো হচ্ছে না, তেমনি ভালো হচ্ছে না আমার সহশিল্পী শাকিবের জন্যও। আমার কাছে বিষয়টি এতটাই খারাপ লেগেছে যে যখন সবাই বলল, শাকিব তো তোমার সঙ্গে কাজ করবে না, এখন কী করবে? আমি বলেছিলাম, চলচ্চিত্র ছেড়ে দেব। এখনো বলছি, যদি এ রকম ঘটনা আবার ঘটে তবে চলচ্চিত্রশিল্পই ছেড়ে দেব।’আপনাদের ভুল বোঝাবুঝির অবসান হলো কীভাবে?‘এখানে আমার প্রযোজক ও শাকিবের শুভাকাঙ্ক্ষীরা বড় ভূমিকা পালন করেছেন। এখন আশা করি যে আর কোনো সমস্যা হবে না। সব ভুলে আমরা আবার নতুন করে সবকিছু শুরু করেছি।’মুঠোফোনে আলাপচারিতার দুই দিন পর ১৬ আগস্ট অপু পুরো পরিবার নিয়েচলে যান ঢাকার বাইরে, মাজার জিয়ারত করতে। কিন্তু এরই মধ্যে চলচ্চিত্রাঙ্গনে রটে গেল, অপু বিয়ে করেছেন।সত্যতা যাচাই করতে চাই। খবরটি শুনে অপু হাসলেন। বললেন, ‘তাহলে তো বর নিয়েই মাজার জিয়ারত করতে যেতাম।’প্রসঙ্গ পাল্টাই। আসছে ঈদে অপু অভিনীত তিনটি ছবি মুক্তি পাবে। প্রত্যাশার কথা জানতে চাই।অপু জানালেন, প্রত্যাশা তাঁর অনেক বেশি। ‘প্রতিটি ছবিই ব্যয়বহুল। ছবিগুলোর গল্প, গান এবং লোকেশন সবই দর্শকদের পছন্দ হবে। এর আগেও ঈদে আমার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। দর্শকদের ভালো কিছু ছবি অতীতে যেমন উপহার দিয়েছি, এবারও সে রকম ভালো তিনটি ছবি উপহার দিতে পারব বলে আশা করছি।’কোন ছবিটি ব্যবসাসফল হবে?অপু বললেন, ‘এই মুহূর্তে এটি আমার কাছে সবচেয়ে কঠিন প্রশ্ন। এর উত্তর সত্যিই আমি জানি না। তবে তিনটি ছবিই খুব ভালো হয়েছে!’