অপুর সাড়ায় প্রযোজক ও পরিচালকদের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপু বিশ্বাস
অপু বিশ্বাস

সামনে না এলেও ১০ মাস পর আড়াল থেকে সাড়া দিয়েছেন অপু বিশ্বাস। দীর্ঘদিন পর বিভিন্ন সংবাদকর্মীর সঙ্গে ফেসবুকের মেসেঞ্জারে কথা বলে আবার অভিনয়ে প্রত্যাবর্তনের ব্যাপারে জানান দেন তিনি। ফিরে আসার এই খবরে স্বস্তির নিশ্বাস ফেলছেন একাধিক ছবির প্রযোজক ও পরিচালকেরা, অপুর কারণে আটকে ছিল যাঁদের ছবি।

সম্প্রতি প্রথম আলোকে অপু বিশ্বাস জানিয়েছেন, শিগগিরই তিনি অভিনয়ে ফিরছেন। তাঁর কারণে আটকে থাকা ছবিগুলোর কাজ একে একে শুরু করবেন। বিষয়টি জানার পর আটকে থাকা রাজনীতি ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যমে জেনেছি, অপু ফিরছেন। তবে তাঁর অনুপস্থিতিতেই কিছু টুকটাক কাজ ছাড়া রাজনীতি ছবির কাজ শেষ করার ঘোষণা দিয়েছিলাম। এখন অপু যদি অন্তত দুই দিন এই ছবির জন্য সময় দেন, তাহলে সুন্দরভাবে রাজনীতির কাজ শেষ করা যাবে।’

অপুর মাই ডার্লিং ছবির প্রযোজক মনিরুজ্জামান বলেন, ‘অপুর ফিরে আসা আমাদের চলচ্চিত্রের জন্য ইতিবাচক।

এমনিতেই আমাদের সিনেমায় শিল্পীসংকট। ভালো কাজের জন্য তাঁর মতো অভিনেত্রী এই মুহূর্তে দরকার।’ মেসেঞ্জার কলে অপু বিশ্বাস বলেন, ‘এখনো কোনো পরিচালক ও প্রযোজকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে আমার মুঠোফোন নম্বরটি বন্ধ। নতুন সিম কিনব। এরপর একে একে সবার সঙ্গে যোগাযোগ করতে পারব। শিডিউলের ব্যাপারে তখন কথা হবে তাঁদের সঙ্গে।’