অপূর্ব, অপি করিম ও ‘বৈশাখী পাঁচফোড়ন’
‘আমি কিন্তু এর আগেও “পাঁচফোড়ন” অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। তখন আমার সঙ্গে ছিলেন নোবেল। উপস্থাপনা বলতে যা বোঝায়, ওই অনুষ্ঠানে আমরা তা-ই করেছিলাম। এবার “বৈশাখী পাঁচফোড়ন” অনুষ্ঠানে আমি আর অপূর্ব যা করেছি, তাকে ঠিক উপস্থাপনা বলব না। আমরা এখানে অভিনয়ই করেছি। বলতে পারেন, আমরা সঞ্চালকের ভূমিকা নিয়েছি।’ বললেন অপি করিম। জার্মানি থেকে পড়াশোনা শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। ‘বৈশাখী পাঁচফোড়ন’ অনুষ্ঠানের নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন সূত্রে জানা যায়, অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অপূর্ব ও অপি করিম।গল্পে অপূর্ব ও অপি দম্পতি রাজধানীতে বাস করেন। তাঁরা গ্রামে যান বাবা-মায়ের সঙ্গে বাংলা নববর্ষ উদ্যাপন করার জন্য। পয়লা বৈশাখকে ঘিরে এই পরিবারে ঘটে আনন্দময় কিছু ঘটনা। এসব ঘটনার ফাঁকে ফাঁকে আসে নানা কিছু।‘বৈশাখী পাঁচফোড়ন’ অনুষ্ঠানে গান গেয়েছেন এস আই টুটুল ও অর্জুন। থাকছে বাঁশির খেলা। ‘হারুন মাস্টারের লোকসংগীতের পাঠশালা’র ওপর থাকছে প্রতিবেদন। আরও থাকছে বাংলা নববর্ষকে ঘিরে কিছু মজার নাট্যাংশ। অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে সাভারের সিঙ্গাইরের ধল্লায় ফাগুন নিকেতনে। এটিএন বাংলায় পয়লা বৈশাখ রাতে প্রচারিত হবে ‘বৈশাখী পাঁচফোড়ন’ অনুষ্ঠানটি।