অপূর্বর গল্প নিয়ে নাটক
আবারও অপূর্বর গল্প নিয়ে নাটক তৈরি হলো। নাটকের নাম ভালোবাসার শুরু। এই নাটকের চিত্রনাট্য লিখেছেন নজরুল ইসলাম আর পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটির শুটিং হলো গত মাসে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি ও উত্তরার ফায়ার অন আইসে। নিজের গল্পে লেখা নাটকে অভিনয়ও করেছেন অপূর্ব। সঙ্গে আরও আছেন তিন্নি ও দিতি। অপূর্ব জানান, তাঁর গল্পে লেখা প্রথম নাটক স্বপ্নের নীল পরী। ওই নাটকটিও পরিচালনা করেছিলেন চয়নিকা চৌধুরী। এরপর তাঁর গল্প নিয়ে কৌশিক শংকর দাশ তৈরি করেছেন প্রোডাকশন নাম্বার ও ঈশিতা এক টুকরো নীল। গল্প লিখলেও নাটকের চিত্রনাট্য লেখার ব্যাপারে তেমন আগ্রহ নেই অপূর্বর। বললেন, ‘সময়ের অভাবে লিখতে বসা হয় না, তবে যদি কখনো সে রকম সময় হয়, তখন অবশ্যই লিখব। গল্প বলা কিংবা লেখা, খুব বেশি সময়ের কাজ নয়। কিন্তু একটা নাটকের চিত্রনাট্য লিখতে তিন থেকে চার দিন সময় লাগে।’জানা গেছে, রোববার নাটকটি এনটিভিতে দেখানো হবে।