অপূর্বর বাড়িতে
খেলা শুরু হতে তখনো কয়েক মিনিট বাকি। মুঠোফোনে ব্যস্ত অপূর্ব, ‘আরে, খেলা শুরু হয়ে গেল তো। জলদি আয় দোস্ত।’ নিরবকে তাড়াতাড়ি বাসায় আসতে বললেন অপূর্ব।২৫ জুন, শুক্রবার রাতের কথা। সেদিন বিশ্বকাপ ফুটবলের বহুল প্রত্যাশিত ব্রাজিল বনাম পর্তুগালের খেলা দেখতে নিজ বাড়িতে বড় রকমের আয়োজন করেছেন অভিনেতা অপূর্ব।স্বভাবতই জানতে ইচ্ছে হয়, আর কে কে আসছেন।অমনি কলবেল বেজে উঠল।দরজা খোলার পর দেখা গেল প্রভা ঢুকলেন। তাঁর হাতে বেশ বড় একটা কেক। কিন্তু কেক কেন?প্রভা সারা মুখে হাসি মেখে বললেন, ‘আজ ব্রাজিল-বধের আনন্দে আমরা আর্জেন্টিনার ভক্তরা কেক কাটব।’প্রতিবাদ জানালেন অপূর্ব, ‘আস্তে প্রভা, আমি কিন্তু ব্রাজিলের সমর্থক। আর আমার বাড়িতে এসে বলা হচ্ছে, ব্রাজিলকে বধ করা হবে! কী সাংঘাতিক তুমি। আচ্ছা, দাঁড়াও খেলাটা শুরু হোক।’ততক্ষণে খেলা শুরু হয়ে গেছে। অপূর্ব তাঁর প্রিয় দল ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে বসে পড়লেন খেলা দেখতে টিভির সামনে। প্রভা ফোঁড়ন কেটে বললেন, ইস্। জার্সি গায়ে চাপালে কাজ হবে না। গোল খেলেই বুঝবা।’আবার কলবেলের শব্দ। এবার এলেন বিন্দু। ঘরে ঢুকেই বিন্দুর ঘোষণা, ‘আমরা সবাই আর্জেন্টিনা। আজ ব্রাজিলকে লাল কার্ড দেখাব। কাকা লাল কার্ড পেয়েছে। এবার ব্রাজিল দলটাই লাল কার্ড পাবে।’সঙ্গে সঙ্গে হাতে তালি দিলেন প্রভা। অপূর্বর চোখ টিভির পর্দায়। বললেন, ‘ওয়াও, কী শট। পটপট না করে খেলা দেখো।’একটু পরই আরও দুজন দর্শক পাওয়া গেল। প্রথমে এলেন ইমন, এরপর নিরব।এঁরা দুজনও আর্জেন্টিনার ভক্ত। দুজনই আজ পর্তুগালের সমর্থক। নিরব বলেন, ‘আমি এন্টি-ব্রাজিল। আর্জেন্টিনার কাছে তো ব্রাজিলের এই দল পাত্তাই পাবে না।’ তাঁকে সমর্থন করেন ইমন।হঠাৎ সবার উৎকণ্ঠা বেড়ে গেল। ব্রাজিলের নিলমার বল নিয়ে দৌড়াচ্ছেন। বলে শট দিয়েছেন। গোলবারে বল যাচ্ছে। অপূর্ব গোল বলে চিৎকার করছেন। অন্যদিকে বিন্দু, নিরব, প্রভা, ইমন, ‘না...’ বলে চিৎকার করে উঠলেন। গোল হলো না। অপূর্ব হতাশ ভঙ্গিতে বসে গেলেন। আর বিন্দু, ইমন, প্রভা ও নিরবের চোখেমুখে আনন্দ।নিরব অপূর্বকে বললেন, ‘দোস্ত, মন খারাপ করিস না। একটু চা দিতে বল না, বাসার কাউকে।’অপূর্ব বললেন, ‘আরে বেটা, আজ কাকা নেই, রবিনহো নেই, বুঝিস কিছু। আমরা আমাদের অতিরিক্ত খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমেছি। দেখ না, খেলা কোথায় যায়।’ইমন বললেন, যে যা-ই বলুক, আর্জেন্টিনা অনেক শক্তিশালী দল। খুব ভালো হতো, যদি ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার খেলা পড়ত। তাহলে ব্রাজিলের সমর্থকদের জানানো যেত, কে সেরা দল।বিন্দু বললেন, ‘এই চুপ, চুপ, গোল খাচ্ছে ব্রাজিল। অমনি নিরব, ইমন বলতে শুরু করলেন, ‘গোল, গোল, গোল।’ অপূর্বও কম যান না। ‘এত্ত সোজা। এর নাম ব্রাজিল। ওদের ডিফেন্সকে ফাঁকি দিয়ে বল জালে পাঠাবে পর্তুগাল?’ সবাইকে থামিয়ে প্রশ্ন করি, আজ কে জিতবে?অপূর্ব কিছু বলার আগেই বিন্দু বললেন, ‘রেড কার্ড তো ব্রাজিলকে আমি দিয়েই দিয়েছি। এখানে হারা বা জেতার প্রশ্ন আসছে কেন, তা-ই তো বুঝতে পারছি না।’নিরব বললেন, ‘ব্রাজিল যে গোল খাবে, সে ব্যাপারে আমি নিশ্চিত।’প্রভা বললেন, ‘ব্রাজিল যে ভালো খেলছে না, তা তো আমি নিজেই দেখছি।’ অপূর্ব বললেন, ‘এরা খেলার কিছুই বোঝে না, তাই কোনো তর্কে যেতে চাই না। (সবার উদ্দেশে) তোরা আগে খেলাটা বোঝার চেষ্টা কর, তারপর আমার সঙ্গে তর্ক করিস।’রেফারি বাঁশি বাজালেন।কিছুক্ষণের বিরতি। আড্ডায়ও বিরতি নেমে এল।পেশাগত আলোচনায় ব্যস্ত হয়ে পড়লেন সবাই। প্রভা আর বিন্দু মাঝেমধ্যে কী বিষয় নিয়ে যেন ফিসফাস করতে শুরু করলেন। নিরব সেই ফিসফাসে ঢোকার চেষ্টা করে ব্যর্থ। একটু পরই তাঁর মুঠোফোনটা চিৎকার করে উঠল। বোধ হয় বিশেষ কোনো ফোন। দ্রুত বারান্দায় চলে গেলেন। মিনিট তিনেক পর ফিরেও এলেন।বিন্দু বললেন, কে ফোন করল রে?প্রভা বললেন, ওর তো দিনে এমন অসংখ্য ফোনই আসে। সবা স্পেশাল।আড্ডায় সবাই সরব হলেও ইমন অনেকটাই চুপচাপ। তাঁর কোনো প্রতিক্রিয়া নেই দেখে নিরব বললেন, ইমন হলো ভেজা বেড়াল। তাই ওর কোনো কিছুই বোঝা যায় না।ইমন হেসে বললেন, বোবার কোনো শত্রু নেই।খেলা আবার শুরু হয়েছে।ব্যস। শুরু হলো আবার হইচই।দুই খেলোয়াড় বল নিয়ে গোলমুখে যান, ‘গোল, গোল’ শোরগোল ওঠে। কিন্তু গোল আর হয় না।হঠাৎ ডিশ লাইন বন্ধ হয়ে গেল। যে আশঙ্কাটা ছিল, এতক্ষণ সেটাই বুঝি সত্যি হলো। খেলা দেখা যাবে না। কী আর করা। শেষ ভরসা বিটিভি। কিন্তু ঝিরঝিরে টিভির পর্দায় কি আর খেলা দেখা যায়? কিছুক্ষণের মধ্যেই ডিশ লাইন সচল হলো। খেলা গোলশূন্য ড্র হলো। দুই পক্ষই বেশ খুশি।অনেক রাত হয়েছে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি, প্রভা এবার কেক আনার বিষয়টি খোলাসা করলেন। দুই দিন পরই অপূর্বর (২৭ জুন) জন্মদিন। তাই অগ্রিম শুভেচ্ছা হিসেবে এই কেক আনা হয়েছে। কেক কাটা হবে। এক ফুঁয়ে মোমের আলো নিভিয়ে কেক কাটলেন অপূর্ব। মাঠের হাততালি এবার শুভেচ্ছার তালি হিসেবে বেজে উঠল।