অপেক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শবনম ফারিয়া,ছবি: কবির হোসেন
শবনম ফারিয়া,ছবি: কবির হোসেন

রাফসান একটি খুনের মামলায় ফেঁসে গিয়ে কারাগারে। এ সংবাদ শুনে বাকরুদ্ধ প্রেমিকা অর্পা।
একটি নাটকের দৃশ্য। নাম দোস্ত দুশমন। ৭ মার্চ সন্ধ্যায় রাজধানীর নিকেতনের একটি শুটিংবাড়িতে দৃশ্যটির শুটিং হয়। এখানে অর্পার চরিত্রে অভিনয় করেন শবনম ফারিয়া। দৃশ্যটি ধারণ শেষ হওয়ার পর কথা হলো তাঁর সঙ্গে।
শবনম ফারিয়া জানান, রাত নয়টার মধ্যে বাসায় ফিরতে হবে। ডাক্তার এসে বসে থাকবেন। স্যালাইন দিতে হবে।
কাকে স্যালাইন দিতে হবে? ফারিয়া বললেন, ‘আমিই স্যালাইন নেব। ২০ দিন টাইফয়েডে ভুগেছি। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। শুটিংয়ে সমস্যা হচ্ছে। কিন্তু কিছুই করার নেই। আমার অসুস্থতার কারণে কয়েকটি নাটকের কাজ আটকে আছে।’
এখন কোন কোন নাটকের কাজ করছেন? বললেন, ‘চারটি ধারাবাহিকের কাজ করছি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দোস্ত দুশমন, রেদওয়ান রনির ঝালমুড়ি, হিমেল আশরাফের একদিন ছুটি হবে আর কচি খন্দকারের আসিতেছে দুটি মন দুটি আশা। অঞ্জন আইচের ভাইরাস ধারাবাহিকের কাজ শেষ হয়েছে।
এখন একটু পেছনের গল্প শোনা যাক। বছর তিনেক আগে আদনান আল রাজীবের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার সুযোগ পান ফারিয়া। পরে একই পরিচালকের টেলিছবিতে কাজ করার সুযোগ পান। অ্যাট এইটিন: অল টাইম দৌড়ের উপর টেলিছবিটি দেখানো হয় ভালোবাসা দিবসে।
ফারিয়া বলেন, ‘টেলিছবিটির শুটিং হবে সিলেটে। এটা জানার পর পরিবারের কেউই রাজি হননি। আমিও নাছোড়বান্দা। খাওয়া বন্ধ করে দিলাম। তিন দিন পর অসুস্থ হয়ে পড়ি। শেষে বাবা-মা রাজি হলেন।’
টেলিছবিতে শবনম ফারিয়ার চরিত্রের নাম ছিল অরণী। ফারিয়া জানান, অরণী চরিত্রটি তখন বেশ প্রশংসিত হয়। এরপর বছর দেড়েক আর কোনো কাজ করেননি ফারিয়া। বললেন, ‘পড়াশোনার জন্য তখন আর কোনো কাজ হাতে নিইনি।’
স্নাতক চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার পর ২০১৪ সালের মাঝামাঝি টিভি নাটকের কাজ শুরু করেন ফারিয়া। তখন প্রথম কাজ করেন রেদওয়ান রনির সুবর্ণপুর বেশি দূরে নয় নাটকে। এরপর তানিম রহমান অংশুর দুই অংশের শেষ একটাই, কমল চৌধুরীর স্ক্রু ড্রাইভার, আশুতোষ সুজনের জনক ’৭১ এবং মেহের আফরোজ শাওনের অনিশ্চিত মেঘেদের যাত্রা নাটকে অভিনয় করেন ফারিয়া। প্রচারের অপেক্ষায় আছে স্বপ্ন চোর, অলটার কাট ডিলিট, আপনজনসহ একাধিক এক ঘণ্টার নাটক।
জানালেন, গত বছর বিজয় দিবসে প্রচার হওয়া জনক ’৭১ নাটকটি তাঁর কাছে উল্লেখযোগ্য বলে মনে হয়েছে। বললেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমার মায়ের যে বয়স ছিল, এই নাটকে আমি সেই বয়সের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। শুটিংয়ের আগে আমার জন্য ওই সময়ের পোশাক সংগ্রহ করেন মা। আমার বাবা মুক্তিযোদ্ধা।’
ছোট পর্দায় শবনম ফারিয়ার শুরু হয়েছিল বিজ্ঞাপনচিত্র দিয়ে। তবে ফারিয়া বলেন, ‘এখন বিজ্ঞাপনচিত্রের চেয়ে নাটকের কাজই বেশি করছি।’
ফারিয়ার বাবা একজন চিকিৎসক। মেয়ে বড় হয়ে চিকিৎসক হবেন, এমন স্বপ্ন ছিল তাঁর। কিন্তু স্কুলে পড়ার সময় সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন ফারিয়া। এখন তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করছেন। পড়াশোনা শেষ করে সাংবাদিকতা করতে চান তিনি। জানালেন, এখন সেই অপেক্ষাই করছেন তিনি।