অপ্রচলিত উপকরণের শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল এক মিনিট নীরবতা দিয়ে। প্রয়াত শিল্পী খালিদ মাহমুদ মিঠুর জন্য এই নীরবতা। এর পরেই শিল্পী সৈয়দ জাহিদ ইকবালের চিত্র প্রদর্শনী নিয়ে মুখরতা।
গত মঙ্গলবার সন্ধ্যায় কলাকেন্দ্রের গ্যালারিতে প্রদর্শনী উদ্বোধনে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন। তিনি বলেন, চারুকলা একাডেমিতে ইউরোপিয়ান ক্লাসিক্যাল পেইন্টিংকে অনুসরণ করা হয় এর স্থায়িত্বের কারণে। জাহিদের নিরীক্ষাধর্মী কাজগুলোর স্থায়িত্ব নিয়ে শিক্ষকদের সংশয় ছিল। অথচ প্রায় ২০ বছর পর আজও কাজগুলোর মান অপরিবর্তিত রয়েছে।
অপ্রচলিত উপকরণ দিয়ে ছবি আঁকেন, শিল্প তৈরি করেন সৈয়দ জাহিদ ইকবাল। তিনি জানান, ছবি আঁকার উপকরণ কোনো প্রতিবন্ধকতা নয়। দামি উপকরণ ছাড়াও ছবি আঁকা যায়। চুন ও পাতা পুড়িয়ে তৈরি করা চিত্রকর্ম বহুদিন পর্যন্ত টিকে থাকে। সে রকম দুটি ছবি এই প্রদর্শনীতে আছে। এ প্রদর্শনীর ১৫টি ছবি কিউরেট করেছেন ওয়াকিলুর রহমান ও কেহকাশা সাবাহ। ২৯ মার্চ পর্যন্ত মোহাম্মদপুরের কলাকেন্দ্রে এ প্রদর্শনী চলবে। খোলা থাকবে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।