এই তো, দুই সপ্তাহ আগেই শীর্ষ দশ রক গানের তালিকায় তৃতীয় স্থান দখল করে ছিল ‘অফ মনস্টারস অ্যান্ড মেন’-এর ‘লিটল টকস’ গানটি। ২৮ সপ্তাহ ধরে তা ছিল শীর্ষ তালিকায়। ব্যান্ড হিসেবে ‘অফ মনস্টারস অ্যান্ড মেন’ নতুন, তবে তাদের সাফল্য অনেক। তাই আনন্দের পাঠকদের সঙ্গে আজ আমরা ব্যান্ডটির পরিচয় করিয়ে দেব।ছয় সদস্যবিশিষ্ট ‘অফ মনস্টারস অ্যান্ড মেন’ ব্যান্ডের যাত্রা শুরু হয়েছে ২০০৯ সালে। আইসল্যান্ডে। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ন্যানা ব্রিন্দিস হিলমারসদত্তি ২০০৯ সালে তাঁর একক গানের প্রজেক্ট ‘সংবার্ড’কে একটি ব্যান্ডে রূপদানের কথা চিন্তা করেন।সেই ব্যান্ড গঠনের চিন্তার ফলস্বরূপ ‘অফ মনস্টারস অ্যান্ড মেন’-এর জন্ম। তখন ন্যানার সঙ্গে ব্যান্ডে যোগ দেন র্যাগি, ব্রিনইয়ার ও আরনার। কিছুদিন এ চারজন একসঙ্গে বাজানোর পর আরও দুজন সদস্য আরনি ও ক্রিশ্চিয়ানকে যুক্ত করে তাঁরা আইসল্যান্ডের বিভিন্ন স্থানে কনসার্টে অংশ নিতে থাকেন। সেই সঙ্গে চলতে থাকে ব্যান্ডটির নিজস্ব গান রেকর্ডের কাজ। তাদের ২০১০ সালের আইসল্যান্ড এয়ারওয়েভস উৎসবে আমন্ত্রণ জানানো হয়। সেখানে গান পরিবেশন করার সময় কেইএক্সপি নামক রেডিও থেকে তাদের ‘লিটল টকস’ গানটি সরাসরি রেকর্ড করা হয়। পরবর্তী সময়ে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে তারা রেকর্ড নামক এক রেকর্ড কোম্পানির সঙ্গে তাদের অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হয়।২০১১ সালের আগস্ট মাস থেকে ফিলাডেলফিয়ার রেডিও ১০৪.৫, তাদের ‘লিটল টকস’ গানটি নিয়মিত প্রচার করতে থাকে। অসাধারণ এ গানটি এরপর আইসল্যান্ডে অত্যন্ত জনপ্রিয়তা পায়। ‘অফ মনস্টার অ্যান্ড মেন’ তখন থেকে গোটা আইসল্যান্ড জাতির কাছে এক পরিচিত ব্যান্ড। পরবর্তী সময়ে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে তাদের প্রথম অ্যালবাম মাই হেড ইজ অ্যান অ্যানিমেল বের হওয়ার সঙ্গে সঙ্গেই আইসল্যান্ডের গানের তালিকাগুলোতে প্রথম স্থান দখল করে নেয়। তাদের ‘লিটল টকস’ গানটিও ছিল তালিকার শীর্ষে। আইসল্যান্ডে অভাবনীয় সাফল্য ও আমেরিকায় জনপ্রিয়তা বাড়তে থাকার কারণে ব্যান্ডটি আরও বড় রেকর্ড কোম্পানি ইউনিভার্সাল রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এর ফলে তারা বিশ্বব্যাপী তাদের প্রথম অ্যালবাম ছড়িয়ে দেওয়ার সুযোগ পায়। এরপর ইউনিভার্সাল থেকে ২০১১ সালের ডিসেম্বরে প্রথমে তাদের ‘ইনটু দ্য উডস’ নামক ইপি (এক্সটেন্ডেড প্লে) বের হলো। পরবর্তী সময়ে ২০১২ সালের ৩ এপ্রিল তাদের মাই হেড ইজ অ্যান অ্যানিমেল আমেরিকায়ও বের হলো। ২০১২ সালের আগস্টে তারা মন্ট্রিলের এশেগা ফেস্টিভ্যালে যোগ দেয়। ব্যান্ডটির যাত্রা খুব বেশি দিনের না হলেও তারা অসাধারণ গান দিয়ে মানুষের মন জয় করেছে। তারা মূলত ফোক ধারার পাশাপাশি ইনডি ফোক, ইনডি রক ধারার গান করে।‘অফ মনস্টারস অ্যান্ড মেন’-এর সদস্যরা হলেন:ন্যানা ব্রিন্দিস হিলমারসদত্তি (কণ্ঠ/গিটার)র্যাগনার র্যাগি পরহলসন (কণ্ঠ ও গিটার)ব্রিনইয়ার লেইফসন (গিটার)আরনার রোজেনক্রানজ (পিয়ানো)ক্রিশ্চিয়ান পল ক্রিশ্চিয়ানস (বেজ)‘অফ মনস্টারস অ্যান্ড মেন’ ব্যান্ডটি নতুন হয়েও তাদের অসাধারণ গান দিয়ে বহুদূর চলে এসেছে। আমরাও যারা তাদের গান এখনো শুনিনি, তারা অবশ্যই শুনব। রক গানের শ্রোতাদের কাছে তাদের গান অবশ্যই ভালো লাগবে। মনোয়ারুল হক