অফলাইন সাবস্ক্রিপশন নিয়ে এল 'হইচই'

বাংলা ভাষায় শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম ‘হইচই’ সম্প্রতি তাদের দর্শকদের জন্য নিয়ে এসেছে অফলাইন সাবস্ক্রিপশন সিস্টেম। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করার পদ্ধতি বাংলাদেশে এই প্রথমবারের মতো প্রচলন করা হলো। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ডিজিটাল ওয়ালেট ছাড়াও সাবস্ক্রিপশন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে দর্শকেরা এখন ‘হইচই’-এ সাবস্ক্রাইব করতে পারবেন।
এরই ধারাবাহিকতায় ‘হইচই’ ও গ্যাজেট অ্যান্ড গিয়ারের মাঝে সম্প্রতি সমঝোতা স্বাক্ষর হয়েছে। সমঝোতার আওতায় এখন থেকে গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে যেকোনো স্মার্টফোন কিনলেই ‘হইচই’-এর ৩ মাস থেকে ১ বছর মেয়াদি সাবস্ক্রিপশন কার্ড বিশেষ উপহার হিসেবে পাওয়া যাবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতায় স্বাক্ষর করেন হইচই বাংলাদেশের বিজনেস লিড সাকিব আর খান এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম শিমু। সমঝোতা স্বাক্ষরের এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে হইচই বাংলাদেশের বিজনেস লিড সাকিব আর খান বলেন, ‘হইচইকে বাংলাদেশের সব দর্শকের কাছে পৌঁছে দিতেই আমাদের এই প্রচেষ্টা। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ডিজিটাল ওয়ালেট যাঁরা ব্যবহার করেন না, যেমন ধরুন বিশ্ববিদ্যালয়ছাত্ররা, তাঁরাও যেন হইচইয়ের কনটেন্ট উপভোগ করতে পারেন, সে কথা মাথায় রেখে আমরা সাবস্ক্রিপশন স্ক্র্যাচ কার্ড বাজারে এনেছি। আমরা অত্যন্ত আনন্দিত যে মানসম্পন্ন বিনোদন বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার এই প্রয়াসে গ্যাজেট অ্যান্ড গিয়ারকে পাশে পেয়েছি।’
গ্যাজেট অ্যান্ড গিয়ারের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম শিমু বলেন, ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার সব সময়ই যুগোপযোগী পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিয়ে আসছে। অনলাইন এন্টারটেইনমেন্ট এখন সময়ের দাবি। গ্যাজেট অ্যান্ড গিয়ার ও হইচই দুই পক্ষই সমঝোতার মাধ্যমে আধুনিক যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি।’