
বিলবোর্ড শীর্ষ তালিকার হার্ড রক অ্যালবাম বিভাগে এ সপ্তাহে চতুর্থ স্থান দখল করে আছে ‘অব মাইস অ্যান্ড মেন’-এর রিস্টোরিং কোর্স৷ তাদের এই অ্যালবাম এ বছর ২৮ জানুয়ারি বের হয়েছে এবং সফলতার মুখ দেখেই চলেছে৷ সাত সপ্তাহ ধরে তাই বিলবোর্ডের শীর্ষ তালিকায় তাদের আনাগোনা৷ নতুন এই দলের কথা পাঠকদের জন্য আজ তুলে ধরা হচ্ছে৷
২০০৯ সালে আমেরিকায় অব মাইস অ্যান্ড মেনের যাত্রা শুরু হয়েছিল৷ অস্টিন কারলাইল ও জ্যাসিন হল মিলে দলটির প্রতিষ্ঠা করেন৷ তাঁরা দুজন মিলে তাঁদের প্রথম ডেমো সেভেন থাউজেন্ড মাইলস ফর হোয়াট? রেকর্ড করেন ‘দো থি রোট’ নামের একটি গানের দলের সঙ্গে৷ অস্টিন কারলাইল আরও আগে থেকেই ‘অ্যাটাক অ্যাটাক!’ নামের দলের ভোকালিস্ট হিসেবে পরিচিিত পেয়েছিলেন৷ তাই তাঁর নতুন দল অব মাইস অ্যান্ড মেন নতুন প্রকল্প হিসেবে পরিচিিত পেয়ে যায়৷ ডেমো রেকর্ড করার প্রায় এক মাস পর কারলাইল ও হল অন্যান্য সদস্য খুঁজতে থাকেন৷ তাঁরা একে একে ড্রামার হিসেবে ভ্যালেন্টিনো আর্টেয়াগা, গিটারিস্ট জন কিন্টজ ও ফিল মানানসালাকে পেয়ে গেলেন৷ পরবর্তী সময়ে অবশ্য কিন্টজের বদলে শেইলি বুর্গে গিটারিস্ট হিসেবে যোগ দেন৷
জনপ্রিয় ওয়েবসাইট মাইস্পেস-এর অব মাইস অ্যান্ড মেনের গান এক মিলিয়নবারের ওপরে শ্রোতারা শোনার পর তারা লেডি গাগার একটি গানকে নিজেদের স্বকীয় ভঙ্গিতে গেয়ে সেটা মাইস্পেসে আপলোড করে৷ এরপর ওই গানের ডেমোটি রাইজ রেকর্ডস নামের একটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানে পাঠানো হয়৷ কিছুদিন পরেই তারা অব মাইস অ্যান্ড মেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যায়৷ এরপর অবশ্য তাদের অনেকবার সদস্য বদল হয়েছে৷
অব মাইস অ্যান্ড মেন মূলত মেটালকোর ধাঁচের গান করে থাকে৷ তবে এখন তারা আগের থেকে অনেকটা মেলোডিক হয়েছে৷ তাদের সর্বশেষ অ্যালবামের গান শুনলে বোঝা যায়, তারা এখন মেটালকোরের পাশাপাশি ন্যু মেটালের দিকেও ঝুঁকেছে৷ তাদের নতুন অ্যালবামের ‘ইউ আর নট অ্যালোন’ গানটি বের হওয়ার পর সমালোচকেরা এতে ন্যু মেটালের প্রভাব লক্ষ করেছেন৷
অব মাইস অ্যান্ড মেনের যত অ্যালবাম
অব মাইস অ্যান্ড মেন (২০১০)
দ্য ফ্লাড (২০১১)
রিস্টোরিং ফোর্স (২০১৪)
বর্তমান সদস্য
ফিল মানানসালা-গিটার (২০০৯-বর্তমান)
ভ্যালেন্টিনো আর্টেয়াগা-ড্রামস (২০০৯-বর্তমান)
অস্টিন কারলাইল-ভোকাল (২০০৯-২০১০, ২০১১-বর্তমান)
অ্যালান অ্যাশিব-রিদম গিটার (২০১১-বর্তমান)
অ্যারন পলি-বেজ ভোকাল (২০১২-বর্তমান)
l মনোয়ারুল হক