অবকাশযাপনে ব্যাংককে রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাশযাপনের জন্য ব্যাংককের উদ্দেশে এক সপ্তাহের জন্য ঢাকা ছেড়েছেন নায়করাজ খ্যাত রাজ্জাক। এ যাত্রায় তাঁর সঙ্গে আছেন স্ত্রী লক্ষ্মী, ছেলে সম্রাট ও তাঁর স্ত্রী আর নাতি-নাতনিরা।গত ৩১ অক্টোবর রাজ্জাক ব্যাংককে গেছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে বাপ্পারাজ। বাপ্পারাজ বলেন, ‘এটা বাবার একেবারেই ব্যক্তিগত সফর। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়ানো, কয়েকটা দিন সবাইকে নিয়ে আনন্দ উদযাপনের জন্যই তিনি ব্যাংকক গেছেন। একটানা কাজ করে বছরের প্রতি ঈদের পরই অবকাশযাপনের উদ্দেশ্যে তিনি এ ধরনের ভ্রমণে বের হন। এবারও গেছেন। ৬ নভেম্বর সবাইকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন।’ সম্প্রতি ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘আয়না কাহিনী’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ শেষ করেছেন রাজ্জাক। এখন ছবিটির শব্দ সম্পাদনার কাজ চলছে। ব্যাংকক থেকে ফিরে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে চেন্নাইয়ে যাবেন ছবিটির আবহ সংগীতের কাজ করার জন্য। ‘আয়না কাহিনী’ ছবিটি ডিজিটাল ফরম্যাটে নির্মিত হচ্ছে। ‘আয়না কাহিনী’ ছবিতে অভিনয় করেছেন কেয়া, সম্রাট, শামস সুমন, সীমানা, শহীদুল আলম সাচ্চু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।