অবদান বনাম অবমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হানিফ সংকেত। ছবি: সাবিনা ইয়াসমিন
হানিফ সংকেত। ছবি: সাবিনা ইয়াসমিন

কথা না রাখার কথা যেমন মানুষের মনে গেঁথে থাকে, তেমনি অনেকের কথা দৃষ্টান্ত হয়ে থাকে মানুষের মনে। আশির দশকের শুরুর দিকে এ দেশে টিভি সাংবাদিকতার জনক প্রয়াত ফজলে লোহানী টিভি মিডিয়া নিয়ে একটি কথা বলেছিলেন, ‘একটি জাতীয় মাধ্যমের এক মিনিট সময়ও নষ্ট করার অধিকার কারও নেই।’ কথাটি আর কারও কাছে দৃষ্টান্ত হবে কি না, জানি না। তবে আমার কাছে দৃষ্টান্ত হয়ে আছে। এখনকার মিডিয়া দেখলে বোঝা যায়, তখন আর এখনে কত পার্থক্য। তখন ১ মিনিট নিয়ে যেভাবে চিন্তা করা হতো, এখন ২৪ ঘণ্টা নিয়েও সেভাবে কেউ চিন্তা করে বলে মনে হয় না। মারো-কাটো-ধরো, যে করেই হোক পর্দা ভরো।
একসময় টিভির বারান্দায় হাঁটতেও ভালো লাগত। কারণ তখন টিভিতে ছিল গুণী মানুষদের মেলা, যাঁরা ফজলে লোহানীর মতো টিভির ‘১ মিনিট’ নিয়ে চিন্তা করতেন, টিভির মান নিয়ন্ত্রণ করতেন। তখন যোগ্য জায়গায় যোগ্য লোক ছিলেন। এখন শুধু রাষ্ট্রই টেলিভিশনের মালিক নয়, অনেক ব্যক্তির হাতে চলে এসেছে টেলিভিশন। অবাধ তথ্যপ্রবাহের যুগে এটাই স্বাভাবিক। কিন্তু এসব টেলিভিশন চ্যানেল কি আমাদের দর্শকদের ধরে রাখতে পারছে? উত্তর সবার জানা।
অনেকেই বলেন, আমাদের টিভি চ্যানেল দিন দিন দর্শক হারাচ্ছে। পচনটা কোথায়? সহজ উত্তর—অর্থ ও অনর্থের মধ্যে গন্ডগোল। সৃজনশীলতা এখন ব্যবসায় পরিণত হয়েছে। কমার্শিয়াল আর্ট কালচার। অর্থের নিশ্চয়তার জন্য এসব নাটক, সিরিয়ালের অধিকাংশই চলে যাচ্ছে এজেন্সির হাতে। চ্যানেল কর্তৃপক্ষ থেকে অনেক শিল্পী, নির্মাতার কাছেই এখন ‘কী দিলাম এর চাইতে কী পেলাম’-এর হিসাবটা বেশি। ফলে সংস্কৃতি তার আসল উপাদান হারিয়ে ফেলছে। অর্থের কারণে অনর্থের ছড়াছড়ি। পাশাপাশি কিছু বিত্তবান চ্যানেল কর্তার বিনোদন রুচি ও দর্শকদের তা গেলানোর চেষ্টা এবং সবকিছুতেই ব্যবসায়িক চিন্তা পচনের অন্যতম কারণ। পাশাপাশি চলছে আত্মপ্রচার। সুতরাং ব্যবস্থাই যেখানে অব্যবস্থা, সেখানকার অবস্থার ওপর আস্থা রাখার রাস্তা খোঁজা দুরূহ। এখন অবদানের চেয়ে অবমানই বেশি।
উচিত অনুচিত সৎচিত হয় মানুষের রুচিগত পার্থক্যে ও সুচিন্তায়। একসময় টিভিতে অনুষ্ঠান নিয়ে কীভাবে চিন্তা করা হতো, তার একটি উদাহরণ দিচ্ছি। সালটা ১৯৯১। ‘আনন্দমেলা’য় বৈচিত্র্য আনার জন্য তত্কালীন কর্তৃপক্ষ সে সময় ৬০ মিনিটের ‘আনন্দমেলা’কে তিন খণ্ডে ভাগ করে তিনটি ফুলের নামে নামকরণ করল—রজনীগন্ধা, মাধবীলতা ও হাসনাহেনা। আর প্রথমবারের মতো ‘আনন্দমেলা’র নাম পরিবর্তন করে নাম দেওয়া হলো ‘আনন্দমালা’। তিন পর্বে বিভক্ত এই ‘আনন্দমালা’র উপস্থাপক তিনজন, প্রযোজকও তিনজন। সিদ্ধান্ত হলো ‘রজনীগন্ধা’ উপস্থাপনা করব আমি, প্রযোজনা করবেন প্রয়াত আলিমুজ্জামান দুলু। ‘মাধবীলতা’ উপস্থাপনা করবেন বুলবুল আহমেদ, প্রযোজনা মাহবুবুল আলম এবং ‘হাসনাহেনা’র উপস্থাপক হুমায়ুন ফরীদি, প্রযোজক রিয়াজউদ্দিন বাদশা। আমার জানামতে টেলিভিশনে ফরীদির উপস্থাপনায় এটিই ছিল প্রথম অনুষ্ঠান। তখন কর্তৃপক্ষের কোনো অনুরোধ ছিল অনেকটা নির্দেশের মতো। তাই আমিও রাজি হলাম। অবশ্য ৮০-র এবং ৯০-এর দশকের শুরুতে ‘আনন্দমেলা’সহ বেশ কটি ঈদ অনুষ্ঠান করেছি। এই ২০ মিনিটের ‘আনন্দমালা’র প্রতিটি পর্বের জন্য সে সময় আমরা যে শ্রম দিয়েছিলাম, তা হয়তো এখনকার অনেক চ্যানেলের পুরো ঈদ অনুষ্ঠানমালা সাজাতেও দেওয়া হয় না। এ থেকেই বোঝা যায় তখন টেলিভিশনের প্রতিটি মিনিটকে কতটা গুরুত্ব দেওয়া হতো।
এবারে ঈদের নাটক নিয়ে সে সময়কার আরেকটি গল্প। ১৯৯৮ সাল। সে বছর আমি প্রথম নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করি। তবে মজার ব্যাপার হলো, আমি যেমন কখনো উপস্থাপক হতে চাইনি, তেমনি কখনো নাট্যকার হওয়ার বাসনাও ছিল না। দর্শকদের অনুরোধেই উপস্থাপক হয়েছি। আর নাট্যকার বানিয়েছেন তত্কালীন টিভির বিজ্ঞজনেরা। সে বছর ঈদের সময় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল আমি যেহেতু ম্যাগাজিন বানাই, তাই আমাকে নাটক বানাতে হবে, আর প্রয়াত হুমায়ূন আহমেদ যেহেতু নাটক বানান, তাঁকে ম্যাগাজিন বানাতে হবে। প্রস্তাবটি শুনে কী করব, বুঝতে পারছিলাম না। সবাই সাহস দিলেন। হুমায়ূন আহমেদ বানালেন, ‘রঙের বাড়ৈ’ আর আমি বানালাম কুসুম কুসুম ভালোবাসা। তবে নাটক বানিয়েও বেশ কদিন টিভিতে জমা দিইনি। পরিচিত বন্ধু-বান্ধবদের ডেকে এনে দেখাতে শুরু করলাম। তারাও সাহস দিল। তখন টিভিতে প্রিভিউ করে একটি অনুষ্ঠান প্রচার হলে আমরা কিছুটা নিশ্চিত হয়ে যেতাম অনুষ্ঠানটি দর্শকেরা গ্রহণ করবে। কারণ মান নিয়ন্ত্রণটা সেভাবেই হতো। প্রচারের পর দর্শকের রায় পেয়ে আবার সাহস পেলাম, আর সেই সাহসেই এখন বছরে দুই ঈদে দুটি নাটক নির্মাণ করি।

হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ

সে সময়ের একটি স্মৃতি আমাকে ভীষণভাবে নাড়া দেয়। প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদ তাঁর ম্যাগাজিন নির্মাণের সময় আমাকে একটি চিঠি দিয়েছিলেন:

প্রিয়জনেষু,
ভাই, আনন্দমেলা-এর (রঙের বাড়ৈ) এই যন্ত্রণা থেকে মুক্তির পথ পাচ্ছি না। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ ছাড়া আমরা চোখে অন্ধকার দেখছি। পাঁচ মিনিটের একটা অংশ করে দিয়ে আপনি আমাদের নিশ্বাস ফেলার সুযোগ করে দিন। গুরু নানকের উক্তি দিয়ে শেষ করছি,
দুগুণা দত্তার
চৌগুণা জুজার।
দুগুণ দিলে চারগুণ ফেরত পাওয়া যায়। কোনো একসময় চারগুণ আপনি ফেরত পাবেন।
বিনীত
হুমায়ূন আহমেদ।

ফজলে লোহানী
ফজলে লোহানী

বরেণ্য এই কথাশিল্পীর স্মৃতি রক্ষার্থে চিঠিটি এখনও আমার কাছে রক্ষিত আছে।
এখন প্রযুক্তির যুগ, সুযোগ পেলেই টুক করে ফেসবুকে ঢুকে পড়েন অনেকেই। এই যুগে অবস্থা বুঝে ব্যবস্থা, কিংবা ব্যবস্থা নেওয়ার অবস্থা সবার এক নয়। নানান মানের নানান অনুষ্ঠান, যার মান অনুমান করাও কঠিন।
এখন নাটকে মা-বাবা-ভাই-বোন-চাচা-চাচি-আত্মীয়স্বজনের চরিত্র খুব একটা থাকে না। মা-বাবার চরিত্র যাঁরা করেন, তাঁদের বিশ্রাম চলছে। নাটক যেন তুমি আমি, আমি তুমি আর সঙ্গে একটি মোবাইলে সীমাবদ্ধ। পাশাপাশি জোর করে আঞ্চলিক ভাষার প্রয়োগ! তারপরও কিছু ভালো নাটক হচ্ছে, তবে তা কাঙ্ক্ষিত সংখ্যায় নয়।
আছে রাত জাগা টক শো। এসব টকশোর গড়ন-ধরন পাল্টালেও বরন পাল্টায়নি। মধ্যরাতে কিছু কিছু টকশোর চেঁচামেচি আর বেসুরো গানের লাইভ অনুষ্ঠান শোনার কারণে অনেকেরই অরুচি ধরে গেছে এসব অনুষ্ঠানে।
এখন গানের ব্যাকরণ পরিবর্তন হয়ে গেছে—এক মুখ, এক অন্যরা। এখন সুরের ওপর কথা লিখতে হয়, কথায় সুর খুব কম। অ্যালবাম হয় ২ গান/৩ গানের। ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’ কিংবা ‘হায়রে মানুষ, রঙিন ফানুস’ জাতীয় কথার ধার, গভীরতা এখন খুব একটা নেই। কেউ গুনগুনিয়ে, কেউ শুনিয়ে শুনিয়ে এসব গান গাইতাম, এখনো গাই। তবে এখন শোনার জন্য নয়, অধিকাংশ গান রিলিজ হয় দেখার জন্য। ইউটিউবে অতি ভিউ এখন গানের মাপকাঠি। কাগজে বড় বড় শিরোনাম।
অনেকের কাছেই এখন ‘মিডিয়া ইজ পাওয়ার’। সুস্থ সংস্কৃতির চর্চাটা মুখ্য নয়। তাই যাঁদের ভালো লাগে না, তাঁরা রিমোট নিয়ে ঘুরে বেড়ান দেশ-বিদেশ। অবাধে অনুপ্রবেশ ঘটছে বিদেশি সংস্কৃতির।
অথচ অনুষ্ঠান নির্মাণে আন্তরিকতা, শ্রম, সততা, মমতা ও মেধা থাকলে ভালো অনুষ্ঠান নির্মাণ সম্ভব। আর ভালো অনুষ্ঠান হলে অর্থ বা স্পনসর কোনো সমস্যা নয়। আমি আনন্দিত দীর্ঘ ২৯ বছরে কখনো ‘ইত্যাদি’ নিয়ে স্পনসর সমস্যায় পড়তে হয়নি। শুধু ঈদ ‘ইত্যাদি’ই নয়, নিয়মিত ‘ইত্যাদি’কে নিয়েও আমরা সময়ের সঙ্গে এগোতে চেষ্টা করি। দর্শকেরা চায় বৈচিত্র্য। এ জন্যই নিজেকে জানা, নিজের শিকড়ের সন্ধানে ইত্যাদিকে স্টুডিওর চার দেয়াল থেকে বের করে প্রতিনিয়ত ছুটে যাই প্রত্যন্ত অঞ্চলে। তুলে ধরতে চেষ্টা করি সেসব স্থানের কৃষ্টি, সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ সব তথ্য। কারণ আমরা বিশ্বাস করি, আমাদের সংস্কৃতি দিয়েই আমাদের দর্শকদের ঘরমুখো করতে হবে। আমাদের সংস্কৃতি আমাদের অহংকার। আমরা যা-ই করি না কেন, আমাদের এই অহংকারকে বাঁচিয়ে রাখতেই হবে।
হানিফ সংকেত: গণমাধ্যম ব্যক্তিত্ব।