অবরুদ্ধ ৩২ ঘণ্টা এবং সায়মন ড্রিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাত ১২.০৫ মিনিটে দেশ টিভিতে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘অবরুদ্ধ ৩২ ঘণ্টা এবং সায়মন ড্রিং’। প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন পারভেজ চৌধুরী। ১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে গণহত্যা শুরু করার আগে ঢাকায় অবস্থানরত প্রায় ২০০ বিদেশি সাংবাদিককে আটকে ফেলেছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের ভেতরে (বর্তমান রূপসি বাংলা হোটেল)। এরপর সব সাংবাদিককে হোটেল থেকে সরাসরি বিমানে তুলে ঢাকা ছাড়তে বাধ্য করা হয়েছিল, যাতে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম পাকিস্তানি হানাদার বাহিনি কৃত এই নারকীয় গণহত্যার কোনো সংবাদ সংগ্রহ করতে না পারে। তাঁদের মধ্যে ছিলেন ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং। পাকিস্তানি সামরিক আইন অমান্য করে সায়মন ড্রিং লুকিয়ে পড়েছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এরপর ড্রিংয়ের জীবনের শ্বাসরুদ্ধকর ৩২ ঘণ্টা সময় কেটেছিল হোটেলের লবি, ছাদ, বার, রান্নাঘর প্রভৃতি স্থানে। পরে তিনি ঘুরে ঘুরে নিজ চোখে প্রত্যক্ষ করেছিলেন গণহত্যার বিভীষিকাময় সেইসব হত্যাযজ্ঞের বাস্তব-চিত্র। ২৭ মার্চ কারফিউ উঠে গেলে সায়মন ড্রিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, রাজারবাগ পুলিশ লাইন, পুরোনো ঢাকার বিভিন্ন এলাকাসহ ধানমণ্ডিতে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়ি ঘুরে দেখেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে ১৯৭১ সালের ৩০ মার্চ ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম খবর প্রকাশ করেন সায়মন ড্রিং। স্বাধীনতার ৪২ বছর পর সম্প্রতি আবারও সায়মন ড্রিং ঘুরে বেড়ালেন তাঁর স্মৃতিময় স্থানগুলো। বর্ণনা করলেন একাত্তরের বিভীষিকাময় দৃশ্যগুলো। সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী। এসব নিয়েই ইংরেজি ও বাংলা ভাষায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘অবরুদ্ধ ৩২ ঘণ্টা এবং সায়মন ড্রিং’। প্রামাণ্যচিত্রটির ব্যাপ্তি ৪০ মিনিট।