অবরোধ-হরতালে স্থবির যাত্রাশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতায় ভেঙে পড়েছে যাত্রাশিল্প। প্যান্ডেল দর্শকশূন্য, নতুন প্যান্ডেলের নির্মাণ বন্ধ, যন্ত্রীদের কাজ নেই। যাত্রাঙ্গনে এখন শুধুই হাহাকার। পেশাদার দলগুলোর মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চরম লোকসানে রয়েছে যাত্রাদলগুলো। এ নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ জানান যাত্রাশিল্পের নেতারা।
বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের আহ্বায়ক বজলুর রহমান মিলন বলেন, এমনিতেই দীর্ঘদিন ধরে আমাদের যাত্রাশিল্পের অবস্থা ভালো যাচ্ছে না। তার ওপর রাজনৈতিক অচলাবস্থার কারণে যাত্রায় ধস নেমেছে। এ অবস্থা চলতে থাকলে এই অঙ্গনের মানুষ পথে বসবে বলে মন্তব্য করেছেন পরিষদের সাবেক সভাপতি রমজান আলী মিয়া। তিনি দেশ ও জাতির স্বার্থে দ্রুত এই সমস্যার সমাধান চান। এ শিল্পে বর্তমান ক্ষতির পরিমাণ প্রায় সাত কোটি টাকা।
আনন্দ অপেরার মালিক মোশাররফ হোসেন নয়ন প্রতিবেদককে জানান, যাত্রাপালা না করতে পেরে তাঁর তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। দিন যত বাড়ছে দলগুলোতে ক্ষতির পরিমাণ ততই বেশি হচ্ছে। টাকার অভাবে ছুটিও দিতে পারছেন না তাঁরা।
খবর নিয়ে জানা গেছে, বড় দলের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিশারী অপেরা, আনন্দ অপেরা, স্বদেশ অপেরা, ভোলানাথ যাত্রা সম্প্রদায়, চ্যালেঞ্জার অপেরা, বঙ্গশ্রী অপেরা, পূজাশ্রী অপেরা, সুন্দরবন অপেরা, রাজলক্ষ্মী অপেরা, দোয়েল অপেরা, আশানূর অপেরা, জোনাকী অপেরা ও চৈতালী অপেরা।