
রাজনৈতিক দলের ডাকা অবরোধের মাঝেও দেশের বিভিন্ন প্যান্ডেলে প্রতিদিন মঞ্চস্থ হচ্ছে যাত্রাপালা। আগের চেয়ে রাতের যাত্রায় দর্শক সমাগম হচ্ছে বেশি। তীব্র শীত আর ঘন কুয়াশা যাত্রাপালা মঞ্চায়নে কোনো বাধা হতে পারেনি। বড় দলগুলোও তাদের যাত্রাপালায় ইতিবাচক পরিবর্তন এনেছে। এর মধ্যে অন্যতম আনন্দ অপেরা, চৈতালী অপেরা, দিশারী অপেরা, অগ্রগামী নাট্য সংস্থা, ভোলানাথ যাত্রা সম্প্রদায়, চ্যালেঞ্জার যাত্রা ইউনিট, প্রতিমা অপেরা, স্বদেশ অপেরা, রাজদূত অপেরা, কেয়া যাত্রা ইউনিট, আশানুর অপেরা, তাজমহল অপেরা, সোনালী যাত্রা ইউনিট, সুন্দরবন অপেরা। বিভিন্ন পুরোনো যাত্রাপালায় লোকজ আঙ্গিকের সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ করা গেছে।
দেশের বিভিন্ন প্যান্ডেল ঘুরে এবং দর্শকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইদানীং যাত্রাপালার নাচ ও গানে অশ্লীলতা হয় না বললেই চলে।
বড় দলগুলোর পাশাপাশি মধ্যম সারির দলগুলোও নানা আঙ্গিকের যাত্রাপালা পরিবেশন করে দর্শক আকর্ষণ করার চেষ্টা করছে। এদের মধ্যে উল্লেখযোগ্য দলগুলো হলো পূজাশ্রী অপেরা, পদ্মা অপেরা, মৌসুমী অপেরা, নবপ্রভাত অপেরা, দোয়েল অপেরা, জয়লক্ষ্মী অপেরা, রাজলক্ষ্মী অপেরা।
যাত্রাপালায় স্বচ্ছতা ধরে রাখার জন্য স্থানীয় প্রশাসন ও যাত্রার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যৌথভাবে কাজ করছেন।