
বিজয় সরণির সামরিক জাদুঘর মাঠ যেন দুলছিল সুফি গানের সুরে। বোঝার উপায় নেই অবরোধের শহর, হরতালের শহর। অধ্যাত্মবাদ, সমর্পণ আর সহজিয়ায় মিলেমিশে যে সংগীত, তার ভক্তরা ওসব মানবেন কেন? দেখতে দেখতে হাজার খানেক সুফি সংগীতপ্রেমী মঞ্চের সামনে বসে গেলেন। মঞ্চে তখন রব ফকিরের কণ্ঠে ‘সাধ্য কিরে আমার সে রূপ চিনিতে’।
বাউলশিল্পী শফি মণ্ডল এরপর গান গেয়ে শোনান। ‘তোরা কে যাবি জিয়ারতে বাবার দরবারে’, ‘আমি মনমন্দিরে পূজা দেব’সহ কয়েকটি গান গেয়ে তিনি জয় করে নেন দর্শক-শ্রোতার হৃদয়। বেবী দেওয়ান গাইলেন ‘গুরুর চরণ অমূল্য ধন’সহ আরও কয়েকটি গান।
এরপর শফি মণ্ডল, রব ফকির ও বেবী দেওয়ান মিলে গাইলেন ‘চল যাই আনন্দের বাজারে’।
এরপর ভারতের অর্ক মুখার্জি মঞ্চে এসেই দর্শক-শ্রোতাকে চমকে দেন পৃথিবীর আদিম এক সুরযন্ত্র ‘কাজু’ বাজিয়ে। তিনি বাজান ‘ইউকোলোলি’ নামের আরেকটি ছোট্ট গিটার। বাংলা, ইংরেজি ও ফরাসি গানে মুগ্ধ হয়ে করতালিতে মাঠ মুখরিত করে তোলে দর্শক। এর মধ্যে ‘কে ডাকে আমায়’ গাওয়ার পর তিনি আব্দুল আলীমের গাওয়া ‘দুয়ারে আইসাছে পালকি’ গানটি গেয়ে মুগ্ধ করেন দর্শকদের।
গতকাল সুফি ফেস্ট ২০১৫-এর দ্বিতীয় দিনের সংগীতায়োজন এভাবেই জমে উঠতে থাকে।
এই প্রতিবেদন লেখার সময় সংগীত পরিবেশন করছিল মিসরের মাওলাউয়িআহ, যার প্রধান আমের এলটনি। পরে গান করবেন ভারতের মুনওয়ার মাসুম।
সুফি উৎসবে গতকাল গান শুনতে যান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ফেস্টের প্রথম দিন গান করেন বাংলাদেশের অর্ণব ও তাঁর বন্ধুরা, ভারতের জাভেদ আলী।
ব্লুজ কমিউনিকেশনসের আয়োজনে আজই এ উৎসবের শেষ দিন। আজ রাতে গাইবেন পাকিস্তানের খ্যাতিমান শিল্পী রাহাত ফতেহ আলী খান, বাংলাদেশের লাবিক কামাল গৌরব, ডেনমার্কের সেরেনাস, স্পেনের জিকর।