অবশেষে অ্যাডামসের ডানা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যামি অ্যাডামস
অ্যামি অ্যাডামস

ইদানীং প্রায়ই দুটো প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। দুটোই বেশ বিব্রতকর। একটি প্রশ্ন তবু হেসে উড়িয়ে দেওয়া যায়, অন্যটি পাশ কাটানোর সুযোগ সামান্যই।
প্রথম প্রশ্ন, ‘চুমু খেয়ে কেমন লাগল?’
একসময় বাংলা সিনেমায় দুটো ফুলের পরস্পরের ঠোকাঠুকি দিয়েই পর্দায় প্রতীকীভাবে দুটো মানুষের ঠোঁটের চারদলীয় ঐক্যজোট বোঝানো হতো। সে বহুকাল আগের কথা হলেও পর্দায় চুমু আমাদের চলচ্চিত্র কি নাটকে এখনো নৈবচ নৈবচ। কিন্তু হলিউড? বলিউডেই তো এখন চুম্বন ডালভাত। এই প্রশ্নে বিব্রত হওয়ার কী আছে?
আছে। যখন জানবেন, অ্যামি অ্যাডামসকে প্রশ্নটা করা হয় কোনো নায়ককে চুমু খাওয়ার ব্যাপারে নয়, নায়িকা হয়ে অ্যাডামস চুমুটা খেয়েছেন নায়িকাকেই। সেটিও বৃহস্পতিকে খ্যাপা ঘোড়া বানিয়ে তার ওপরে সওয়ার জেনিফার লরেন্সকে। হোক না ছবির খাতিরে, চুমুটা তো সত্যি সত্যিই খেতে হয়েছিল।
এ তো গেল একটা প্রশ্ন। এর চেয়েও বিব্রতকর প্রশ্ন নাকি দ্বিতীয়টা! কী এমন প্রশ্ন সেটা?
দ্বিতীয় প্রশ্ন, ‘আচ্ছা আপনি আর আইলা ফিশার কি যমজ বোন? কোনো কারণে মেলার ভিড়ে হারিয়ে গিয়েছিলেন ছেলেবেলায়!’
দুই বোনের ছোটবেলাতেই মেলায় হারিয়ে যাওয়া ঢাকাই ছবিতে হতো একসময়। বলিউডেও। তাই বলে হলিউডে, সেটিও সত্যিকারের ঘটনা! সমস্যা হলো, অ্যাডামসের চেহারার সঙ্গে আশ্চর্য মিল ফিশারের। দুজনের বয়স কাছাকাছি। উচ্চতাও প্রায় সমান। দুজনই লাল-আগুনে চুলের অধিকারিণী। সম্প্রতি একটি ম্যাগাজিনে দুজনের একই ভঙ্গিমায় তোলা আলাদা দুটো ছবি পাশাপাশি ছেপে পাঠকদের বলা হয়েছে: বলুন তো, কে অ্যাডামস আর কে ফিশার?
এই প্রশ্নটা সত্যিই বিব্রত করে অ্যাডামসকে। ‘জানি না লোকে কীভাবে আইলার সঙ্গে আমার মিল খুঁজে পায়। তবে এই ভেবে সান্ত্বনা পাই, অনেক খারাপ কোনো মানুষের সঙ্গেও তো আমার চেহারার মিল খুঁজে পাওয়া যেতে পারত!’
অ্যাডামসের এই হাহাকারের পেছনে একটা গল্প অবশ্যই আছে। সেই ১৯৯৫ সাল থেকে অভিনয় করছেন। প্রথম ছবি ড্রপ ডেড গর্জিয়াস মুক্তি পেয়েছিল ১৯৯৯ সালে। সেই হিসাবটা ধরলেও হলিউডে তাঁর পথচলা ১৪ বছরের। দীর্ঘ সময়। কিন্তু সত্যি বলতে কি, সব সময়ই যেন বাকিদের তারকাদ্যুতিতে ম্লান হয়ে গেছেন সব সময়। ফোকাসটা কখনোই সেভাবে পড়েনি তাঁর ওপর। হলিউডের এক নম্বর তারকাদের নাম উচ্চারণ করলে তালিকাটা যত দীর্ঘই হোক, সেখানে আসে না তাঁর নাম। খুব স্বাভাবিকভাবেই নিজের চেহারা নিয়েও যখন তাঁর মধ্যে অন্যের ছায়া খুঁজে পাওয়ার চেষ্টা করা হয়, অ্যাডামসের হূদয় ক্ষতবিক্ষত হতেই পারে।
প্রথম সেভাবে নজর কেড়েছিলেন ২০০২ সালে মুক্তি পাওয়া ক্যাচ মি ইফ ইউ ক্যান ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিওর বিপরীতে অভিনয় করে। সেই ছবির পর খোদ পরিচালক স্টিভেন স্পিলবার্গ এই বলে সার্টিফিকেট দিয়েছিলেন, ‘আশা করি, অ্যামি এবার প্রাপ্য কৃতিত্বটা পাবে।’ স্পিলবার্গের জহুরি চোখ বুজে গিয়েছিল, অ্যাডামস আসলে মেঘে ঢাকা তারা।
অথচ অ্যাডামসের নামের পাশে আছে চার-চারটি অস্কার মনোনয়ন। বলা হয়, হলিউডের সবচেয়ে ‘আন্ডার রেটেড’ অভিনেত্রী তিনিই। এ নিয়ে ব্যক্তিগত দুঃখবোধ নিশ্চয়ই আছে। তবে এ নিয়ে সংবাদমাধ্যমে কখনো মুখ খোলেননি। ইতালিতে জন্মানো অ্যাডামস যেন এক রোমান গ্ল্যাডিয়েটর। প্রচণ্ড জেদ তাঁর। নিজের প্রথম গাড়ি নিজেই কিনবেন, বাবার কাছে একটা কড়িও ৩নেবেন না—এই প্রতিজ্ঞা রাখতে গিয়ে ‘হুটার গার্ল’ হিসেবে কাজ করেছেন রেস্তোরাঁয়। ৯০০ ডলার জমিয়ে ফেলে কিনে ফেলেছেন একটা পুরোনো শেভ্রোলেট।
সেই অ্যাডামস এই ৩৯ বছর বয়সে এসে অবশেষে যেন সত্যি সত্যিই ডানা মেলে উড়তে শুরু করলেন। ‘তেরো’ সংখ্যাটাকে এরপর পয়মন্ত হিসেবেই তিনি বিবেচনা করবেন নিশ্চিত। ২০১৩ সালটা যে অবিশ্বাস্য গেছে তাঁর। ম্যান অব স্টিল ছবিতে সুপারম্যানের নায়িকা হিসেবে কাজ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে পর পর মুক্তি পাচ্ছে তাঁর দুটো ছবি আমেরিকান হাসল ও হার। দুটো ছবিই পেয়েছে এবারের গোল্ডেন গ্লোবের সেরা ছবির মনোনয়ন। এর মধ্যে আমেরিকান হাসল-এর জন্য অ্যাডামস নিজেও মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রীর। আগামী অস্কারে এই দুটো ছবি কাঁপিয়ে দেবে বলেও ভবিষ্যদ্বাণী করছেন বোদ্ধারা।
হয়তো মনোনয়নের শিকল থেকে বেরিয়ে এবারই জিতে যাবেন পরম আরাধ্যের গোল্ডেন গ্লোব নয়তো অস্কার, অথবা দুটোই। এখন যে অ্যাডামসের ডানা মেলার সময়!
 রাজীব হাসান
নিউইয়র্ক টাইমস অবলম্বনে