অবশেষে আরাধ্যের মুখ! (ভিডিও)
অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার তারাঝলমলে এক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল মুম্বাইয়ের রিলায়েন্স মিডিয়া ওয়ার্ক ফিল্ম সিটিতে। অনুষ্ঠানে বচ্চন পরিবারের নতুন সদস্য আরাধ্য বচ্চনকে দেখার সুযোগ করে দিয়ে উপস্থিত সংবাদকর্মীসহ সবাইকে চমকে দেন ঐশ্বরিয়া রাই বচ্চন।আজ ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিন। এক দিন আগেই গতকাল তাঁর জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হন তাঁর পরিবারের সব সদস্য, বন্ধু-সহকর্মী, বলিউডের জনপ্রিয় অনেক তারকা, রাজনীতিবিদসহ প্রায় ৮০০ অতিথি। এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।গত বছরের নভেম্বরে আরাধ্যের জন্মের পর থেকেই তাকে একনজর দেখার জন্য সবার মধ্যে ব্যাপক আগ্রহ। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে তাকে জনসমক্ষে আনেননি বচ্চন পরিবারের সদস্যরা। সংবাদমাধ্যম বিভিন্নভাবে চেষ্টা করেছে আরাধ্যর ছবি তুলতে। কিন্তু ঘরের বাইরে বের হলেই অত্যন্ত সতর্কতার সঙ্গে আরাধ্যের মুখ ঢেকে রাখতেন ঐশ্বরিয়া। অবশেষে সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে কোনোরকম রাখঢাক ছাড়াই আরাধ্যের মুখ দেখার সুযোগ করে দিলেন ঐশ্বরিয়া। অমিতাভের জন্মদিনের অনুষ্ঠানে অন্যতম চমক ছিল আরাধ্যের এই মুখদর্শন। সাদা রঙের পোশাকে ছোট্ট আরাধ্যকে দারুণ দেখাচ্ছিল। অনুষ্ঠানে মা ঐশ্বরিয়া ও দাদি জয়া বচ্চনের কোলে ছিল সে। অনুষ্ঠানে বলিউডের তারকাদের মধ্যে ছিলেন দিলীপ কুমার, সায়রা বানু, ওয়াহিদা রেহমান, আশা পারেখ, রজনীকান্ত, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, হেমা মালিনী, শাবানা আজমি, শ্রীদেবী, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, বিনোদ খান্না, প্রেম চোপড়া, কাদের খান, প্রাণ, জিনাত আমান, জিতেন্দ্র, ঋষি কাপুর, নিতু সিং, অজয় দেবগন, কাজল, টাবু, জুহি চাওলা, মহিমা চৌধুরী, ঊর্মিলা মাতন্ডকার, দীপিকা পাড়ুকোন, সোনাক্ষী সিনহা, বিদ্যা বালান, জন অ্যাব্রাহাম, আমিশা প্যাটেল, প্রীতি জিনতা প্রমুখ।