অবশেষে ইচ্ছাপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যোতিকা জ্যোতি, ছবি: খালেদ সরকার
জ্যোতিকা জ্যোতি, ছবি: খালেদ সরকার

ছোটপর্দার অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি। কাজ করেছেন বড়পর্দায়ও। ইদানীং তাঁকে অ্যাকটিভিস্ট হিসেবেও দেখা যাচ্ছে। ক্যারিয়ারে এ পর্যন্ত অনেক নির্মাতার সঙ্গে অভিনয় করেছেন। তবে হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের পরিচালনায় কখনো অভিনয় করা হয়নি তাঁর। এবার সেই সুযোগটা পেলেন জ্যোতি। আর শাওনের পরিচালনায় কাজ করতে পেরে বেশ খুশি তিনি।

প্রথম আলো ডটকমকে জ্যোতি বলেন, ‘হুমায়ূন আহমেদের পরিচালনায় কাজ করা হয়নি আমার। কিন্তু আমার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি “নন্দিত নরকে”র চিত্রনাট্য হুমায়ূন আহমেদের। আজ আবার অভিনয় করছি হুমায়ূন আহমেদের ‘‘সংসার’’ গল্প থেকে নাট্যরূপ দেয়া ‘‘সংসার’’ নাটকে। এটি পরিচালনা করছেন শাওন।’

জ্যোতি আরও বলেন, ‘অদ্ভুত শোনালেও নাটকটিতে কাজের আগে শাওন আপুর সঙ্গে সামনাসামনি দেখা হয়নি আমার। তার পরও ‘‘সংসার’’ নাটকে গল্পের প্রয়োজনে আমাকে ভাবার জন্য শাওন আপুকে অনেক ধন্যবাদ। ঈদে চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হবে। “সংসার” নাটকে কাজ করে আমার মধ্যে এক ধরনের অদ্ভুত অনুভূতি হচ্ছে। মিসিং  হুমায়ূন স্যার...।’

জ্যোতি জানান, নাটকটির শুটিং চলছে নুহাশ পল্লিতে। নাটকটিতে শুটিংয়ের আগে কখনো সেখানে যাওয়া হয়নি তাঁর। শুটিংয়ের পাশাপাশি হুমায়ূন আহমেদের গড়া নুহাশ পল্লিও দেখছেন তিনি। ‘সংসার’ নাটকে জ্যোতিকা জ্যোতি অভিনয় করছেন সংগীতশিল্পী আগুনের বিপরীতে।