অবশেষে গীতিকারদের রয়্যালটি দিচ্ছে বিটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় যুগ পর আবারও গীতিকার রয়্যালটি দেওয়া শুরু করেছে বিটিভি। এত দিন তালিকাভুক্ত গীতিকারদের গান প্রচারিত হলেও রয়্যালটি বন্ধ ছিল। রয়্যালটি দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশ গীতিকবি সংসদ বেশ কয়েক দফা বিটিভি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলেও কোনো উদ্যোগ নেয়নি তারা।সম্প্রতি গীতিকার সাফাত খৈয়ামের নেতৃত্বে গীতিকবি সংসদের ১৫ জনের একটি দল বিটিভির মহাপরিচালক আবু জাফর সিদ্দিকীর সঙ্গে বৈঠক করে। মহাপরিচালক গীতিকার রয়্যালটি দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং দ্রুত কাজ শুরু করার জন্য বিটিভির অনুষ্ঠান অধ্যক্ষ (প্রশাসন) শফি সিকদারকে দায়িত্ব দেন।শফি সিকদার বলেন, ‘গীতিকার রয়্যালটির বিষয়টি গীতিকারদের দীর্ঘদিনের দাবি। আমাকে দায়িত্ব দেওয়ার পর দ্রুত কাজ শুরু করি। প্রথম দফায় তালিকাভুক্ত যে গীতিকারদের গান সম্প্রতি প্রচারিত হয়েছে, তাঁদের রয়্যালটি দেওয়া শুরু করেছি।’শফি সিকদার আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি, আগামী ছয় মাসের মধ্যে প্রথম দফায় গত পাঁচ বছর বিটিভিতে যে গানগুলো প্রচারিত হয়েছে, সেই সব গানের গীতিকারদের রয়্যালটি দিতে। এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এরই মধ্যে দুজনকে হালনাগাদ করার দায়িত্ব দেওয়া হয়েছে। দিন-রাত পালা করে তাঁরা প্রচারিত গানগুলোর হালনাগাদ করছেন।’গীতিকার রয়্যালটি দেওয়ার এই উদ্যোগে খুশি বিটিভির তালিকাভুক্ত গীতিকারেরা, তবে প্রতিটি গানের জন্য যে টাকা রয়্যালটি দেওয়া হচ্ছে, তা খুবই অসম্মানজনক বলে মন্তব্য করেছেন অনেক গীতিকার।গীতিকার ফেরদৌস হোসেন ভুঁইয়া বলেন, ‘গত ১৫ বছর কোনো রয়্যালটি পাইনি, এখন পাচ্ছি। কিন্তু যে রয়্যালটি দেওয়া হচ্ছে, তা দিয়ে বিটিভিতে যাওয়ার বাসের ভাড়াও হয় না।’সাফাত খৈয়াম বলেন, ‘একটি গানের রয়্যালটি এখন যা দেওয়া হচ্ছে, সেটা হতাশাজনক। এটা ১০ গুণ বেশি হওয়া উচিত।’খোঁজ নিয়ে জানা গেছে, একটি গানের জন্য একজন বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত গীতিকার রয়্যালটি পান ১৪০ টাকা। ক উচ্চ শ্রেণী ১১২ টাকা, ক শ্রেণী ৯১ টাকা। আর খ শ্রেণীর তালিকাভুক্ত একজন গীতিকার পান ৭০ টাকা।