অবশেষে ছাড়পত্র
প্রায় তিন বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর এবার ছাড়পত্র পেল প্রেম মানে না বাধা। ছবিটির বিরুদ্ধে অভিযোগ ছিল, এটি ভারতের একটি হিন্দি ছবির হুবহু নকল। ছবিটির প্রযোজক আজিজ আহমেদ বলেছেন, ‘এবার আমরা ভারতের মূল ছবির প্রযোজকের কাছ থেকে অনুমোদনপত্র এনে সেন্সর বোর্ডে জমা দিয়েছি। এরপর সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে।’সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথ কুমার সরকার বলেছেন, ‘নকলের দায়ে ছবিটি অনেক দিন আটকা ছিল। আমরা ভারতের মূল ছবির প্রযোজকের অনুমোদনপত্র পেয়েছি। ভারতের বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সব প্রক্রিয়া সম্পন্ন করে ছবিটির ছাড়পত্র দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘এখন সেন্সর বোর্ডে আর কোনো ছবি নকলের দায়ে আটকে নেই।’প্রেম মানে না বাধা ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। প্রযোজক জানিয়েছেন, ছবিটি শিগগিরই মুক্তি দেওয়া হবে।