অবশেষে ছাড়পত্র পেল ‘দেবদাস’
দীর্ঘ জটিলতা পেরিয়ে অবশেষে চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ ছবিটি। গত সোমবার সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি প্রদর্শনের ছাড়পত্র দেন।চাষী নজরুল ইসলাম বলেন, ‘সেন্সর বোর্ড “দেবদাস” ছবিতে শহীদুজ্জামান সেলিমের পোশাক নিয়ে আপত্তি জানিয়েছিল। পরে তা বাদ দিয়ে ছবিটি আবার সেন্সর বোর্ডে জমা দিই।’সেন্সর ছাড়পত্র পাওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে চাষী নজরুল ইসলাম বলেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ার পর মনে হয়েছে “দেবদাস” ছবির কারামুক্তি ঘটেছে। বিনা দোষে দীর্ঘদিন সেন্সর ছাড়পত্র না পাওয়ার বিষয়টি যে আমার জন্য কী যন্ত্রণার ছিল, তা বলে বোঝাতে পারব না। এ দীর্ঘ প্রক্রিয়া আমাকে অনেক দুঃখ দিয়েছে। সবশেষে আপিল বোর্ডের সদস্যদের ধন্যবাদ যে দেরিতে হলেও তাঁরা ছাড়পত্র দিয়েছেন। এখন ছবিটি মুক্তি দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না।’কিছুদিন আগে ‘প্রথম আলো’র সঙ্গে আলাপ প্রসঙ্গে ‘দেবদাস’ ছবির মুক্তির ব্যাপারে ঈদ ও পূজার উত্সবের কথা উল্লেখ করেছিলেন চাষী নজরুল ইসলাম। কিন্তু সেটি আর হচ্ছে না। ঈদ ও পূজা উপলক্ষে ‘দেবদাস’ মুক্তি দেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি। চাষী নজরুল ইসলাম বলেন, ‘ মাত্র তো সেন্সর বোর্ড থেকে মুক্তি পেল। সবার সঙ্গে আলোচনা করেই ভালো একটি সময়ে ‘দেবদাস’ ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছি।’ শাকিব খান, মৌসুমী, অপু বিশ্বাস ও শহীদুজ্জামান সেলিমকে নিয়ে ‘দেবদাস’ ছবির শুটিং শুরু হয়েছিল ২০১০ সালে। গত শতকের আশির দশকে বুলবুল আহমেদ, কবরী, আনোয়ারা ও রহমানকে নিয়ে দেবদাস নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম। সেটি ছিল সাদা-কালো। আবারও একই কাহিনি নিয়ে ছবি তৈরি করেছেন তিনি। এবারের ছবিটি রঙিন।