অবশেষে ছাড়পত্র পেল ‘মৌসুম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবারই সারা ভারতে মুক্তি পাচ্ছে শহীদ কাপুর ও সোনম কাপুর অভিনীত ছবি মৌসুম। ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) আপত্তির মুখে সেন্সর বোর্ডের লাল ফিতায় বাঁধা পড়েছিল ছবিটি। ছবিটির ছাড়পত্রের জন্য মুম্বাই থেকে দিল্লি উড়ে আসেন অভিনেতা শহীদ কাপুর। সাক্ষাত্ করেন বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। তাঁদের জন্য আয়োজন করেন মৌসুম ছবির বিশেষ প্রদর্শনী। শেষ পর্যন্ত তাঁর এই তত্পরতা সফল হয়েছে। আপত্তি প্রত্যাহার করেছে ভারতীয় বিমানবাহিনী। ছবিতে আকাশে একটি অ্যাকশন দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছিল আইএএফ। ওই দৃৃশ্যে ছয়টি জঙ্গিবিমান উড়ে যেতে দেখা যায়, যার একটির পাইলটের আসনে শহীদকে দেখা যাবে। বিমানবাহিনীর পক্ষ থেকে ওই দৃশ্যটি পাল্টাতে বলা হয়। এরপর গতকাল মঙ্গলবার রাতে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এখন শুক্রবার ছবিটির মুক্তির ব্যাপারে আর কোনো বাধা থাকল না। এএনআই।