অবশেষে টুইটারে যোগ দিলেন ড্রিউ ব্যারিমোর

ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য পশ্চিমা অনেক তারকাই টুইটারে সক্রিয় রয়েছেন। কিন্তু নিজেকে পুরোনো ধ্যানধারণার মেয়ে হিসেবে দাবি করে এত দিন সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় এ খুদে ব্লগসাইট থেকে নিজেকে দূরে রেখেছিলেন ‘বিগ মিরাকল’খ্যাত হলিউডের অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। অবশেষে দেরিতে হলেও, সম্প্রতি টুইটারে যোগ দিয়েছেন ৩৮ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
ড্রিউ টুইটারে তাঁর যাত্রা শুরু করেছেন গতকাল মঙ্গলবার। টুইটারে যোগ দেয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছয় হাজারেরও বেশি অনুসারী জুটিয়ে ফেলেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। ড্রিউ তাঁর প্রথম টুইটে লিখেছেন, ‘পার্টিতে যোগ দিতে একটু দেরি হয়ে গেল। তবে শেষ পর্যন্ত এখানে যোগ দিতে পেরে আমি অনেক বেশি আনন্দিত।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘ইউএস ম্যাগাজিন’।
এর আগে সামাজিক যোগাযোগ রক্ষার কোনো ওয়েবসাইটে যোগ দিতে আগ্রহী নন বলেই জানিয়েছিলেন ড্রিউ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘আমি পুরোনো ধ্যানধারণার একজন মেয়ে। সামাজিক যোগাযোগ রক্ষার কোনো সাইটে যোগ দেওয়ার বিন্দুমাত্র আগ্রহও আমার নেই। আমার মনে হয়, এই মাধ্যমটা আমার জন্য নয়।’